এইমাত্র পাওয়া

একটি কম্বল, কিছু ভালোবাসা: বিপন্ন মানুষের মুখে ফুটুক হাসি

।। এ এইচ  এম সায়েদুজ্জামান।। 
ষড়ঋতুর বৈচিত্র্যে ভরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। ঋতুপরিক্রমায় একের পর এক ঋতুর আগমন যেমন প্রকৃতির স্বাভাবিক নিয়ম, তেমনি প্রতিটি ঋতু মানুষের জীবনে ভিন্ন ভিন্ন প্রভাব ফেলে। হেমন্তের শেষে শীতের আগমন সাধারণত কোমল ও স্নিগ্ধ হলেও বর্তমান সময়ে শীত যেন তার চিরচেনা রূপ ছাড়িয়ে আরও নির্মম হয়ে উঠেছে। কনকনে ঠাণ্ডা হাওয়ায় জবুথবু অবস্থা সৃষ্টি হয় মানুষের দৈনন্দিন জীবনে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলসহ গ্রামবাংলার বিস্তীর্ণ জনপদে শীতের তীব্রতা মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে।

বাংলাদেশের একটি বড় অংশের মানুষ এখনো গ্রামে বসবাস করে। শহরের তুলনায় গ্রামীণ জীবনে শীতের প্রকোপ অনেক বেশি অনুভূত হয়। খোলা মাঠ, টিনের ঘর, কাঁচা বসতবাড়ি—সবকিছু মিলিয়ে শীত সেখানে আরও নির্মম হয়ে ওঠে। উত্তরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জন্য শীতকাল যেন এক ভয়াবহ দুর্যোগ। প্রয়োজনীয় গরম কাপড়, নিরাপদ বাসস্থান ও পর্যাপ্ত খাদ্যের অভাবে অনেক মানুষ শীতের রাতে অসহায়ভাবে দিন কাটাতে বাধ্য হয়।

ঋতু পরিবর্তন প্রকৃতির স্বাভাবিক নিয়ম হলেও শীত এলেই আমাদের সমাজের এক শ্রেণির মানুষের জীবনে নেমে আসে দীর্ঘ কষ্টের ছায়া। শহরের ফুটপাত, রেলস্টেশন, বাস টার্মিনাল কিংবা গ্রামীণ জনপদে খোলা আকাশের নিচে বসবাসকারী নিম্ন আয়ের মানুষগুলো শীতে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে। কনকনে ঠাণ্ডায় তাদের রাত কাটে শীতবস্ত্রহীন অবস্থায়। অনেকের কাছে একটি কম্বল, পুরনো সোয়েটার কিংবা শাল হয়ে ওঠে জীবনের নিরাপত্তার প্রতীক।

শীতকালে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় বস্তিবাসী মানুষ, ফুটপাতে বসবাসকারী ভাসমান জনগোষ্ঠী, দরিদ্র শ্রমজীবী মানুষ, বৃদ্ধ ও ছিন্নমূল শিশুদের। যাদের দিন চলে দিনমজুরির আয়ে, শীত তাদের জন্য কেবল ঠাণ্ডা নয়—এটি অনিশ্চয়তার প্রতিচ্ছবি। কাজ কমে যায়, আয় হ্রাস পায়, আর বাড়ে শারীরিক অসুস্থতা। শীতজনিত রোগব্যাধিতে আক্রান্ত হয়ে অনেকেই চিকিৎসার অভাবে ভোগেন নীরব কষ্টে।

শীত নিবারণের জন্য একটি কম্বল বা পুরনো সোয়েটার অনেক সময় শীতার্ত মানুষের জন্য হয়ে ওঠে সুস্থভাবে বেঁচে থাকার আশ্বাস। সামান্য উষ্ণতা একজন মানুষের জীবন রক্ষা করতে পারে। তাই এই সময় ছিন্নমূল শিশু, বৃদ্ধ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো কেবল দান নয়, এটি মানবিক দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ।

মানবতা মানুষের সবচেয়ে বড় পরিচয়। সমাজের সামর্থ্যবান মানুষ, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং তরুণ সমাজ একসঙ্গে এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। একটু আন্তরিকতা, সামান্য উদ্যোগ আর সম্মিলিত প্রচেষ্টাই পারে বহু মানুষের মুখে হাসি ফোটাতে।

তীব্র শীতে ভাসমান, ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ যে দুর্ভোগের মধ্যে পড়ে, তা মানুষমাত্রই আমাদের জন্য পীড়াদায়ক। এ সময় হাসপাতালগুলোতেও বাড়ে শীতজনিত রোগাক্রান্ত রোগীর সংখ্যা। শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে শীতজনিত নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ঠাণ্ডাজনিত জ্বরসহ নানা রোগ ভয়াবহ রূপ ধারণ করে। ফলে শীত মোকাবিলায় স্বাস্থ্যসেবার প্রস্তুতি গ্রহণও জরুরি।

এই অবস্থায়  মানুষের প্রতি ভালোবাসা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের মৌলিক শিক্ষা। মানবতার কল্যাণে সহযোগিতার যে অনন্য দৃষ্টান্ত ইসলাম দিয়েছে, তা কেবল উপদেশে সীমাবদ্ধ নয়; বরং বাস্তব জীবনে প্রয়োগের জন্য আল্লাহ তায়ালা কোরআনে বারবার নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ বলেন—

“তোমরা সৎকর্মে ও তাকওয়ায় পরস্পর সহযোগিতা করো।” (সূরা আল-মায়েদা: ২)
শীতের কনকনে ঠাণ্ডায় যখন বিপন্ন মানুষের জীবন সংকটে পড়ে, তখন একটি কম্বল কিংবা সামান্য উষ্ণ পোশাক শুধু বস্তুগত সহায়তা নয়—এটি মানবিকতা ও ঈমানের পরিচয়। রাসুলুল্লাহ (সা.) অসহায় মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শনের বিষয়ে বলেছেন—
“মুমিনরা পরস্পরের প্রতি দয়া ও ভালোবাসায় একটি দেহের মতো; দেহের কোনো অঙ্গ কষ্ট পেলে পুরো দেহ ব্যথায় আক্রান্ত হয়।” (সহিহ বুখারি ও মুসলিম)

পরিবর্তনশীল ঋতুপরিক্রমায় শীতকাল উপভোগ করতে প্রয়োজনীয় প্রস্তুতি থাকা জরুরি। কিন্তু বাস্তবতা হলো, অসচেতনতা ও দারিদ্র্যের কারণে অনেক মানুষ এই প্রস্তুতি নিতে পারে না। একটু সচেতনতা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রয়োজনীয় উষ্ণতা নিশ্চিত করা গেলে শীতজনিত অনেক বিপদ এড়ানো সম্ভব।

এই ক্ষেত্রে সরকারের পাশাপাশি স্বাস্থ্য বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ, অস্থায়ী আশ্রয়কেন্দ্র এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সময়ের দাবি। শুধু সরকার নয়, বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবান মানুষের সম্মিলিত উদ্যোগ শীত মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে।

ইতোমধ্যে দেখা যায়, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন শীতের সময় নতুন ও পুরনো কাপড় সংগ্রহ করে শীতার্তদের মধ্যে বিতরণ করছে। এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সমাজের সর্বস্তরের মানুষ চাইলে এই সেবাকর্মে যুক্ত হতে পারেন, নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন।

এই শীতে আসুন, নিজের উষ্ণতার পাশাপাশি অন্যের উষ্ণতার কথাও ভাবি। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানেই মানবতার পাশে দাঁড়ানো। এটি শুধু দয়ার প্রকাশ নয়, এটি মানবিক দায়িত্ববোধের পরিচয়। মানবতা বাঁচাতে হলে শীতের দিনে সবার আগে প্রয়োজন উষ্ণ হৃদয়ের মানবিকতা।

সবশেষে বলতে চাই, সেই অমর বাণী— ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার মানবিক দায়িত্ব ও কর্তব্য। আসুন, এই শীতে আমরা সবাই মিলে শীতার্ত মানুষের পাশে দাঁড়াই, উষ্ণতা ছড়িয়ে দিই মানবিকতার আলোয়। 

লেখা: শিক্ষক ও গবেষক।। 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.