নিজস্ব প্রতিবেদক।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভোটকেন্দ্র উপযোগী পরিবেশ নিশ্চিত করতে বাজেট বরাদ্দ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ উদ্দেশ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) পরিচালন বাজেট থেকে ৬ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকা ছাড় করা হয়েছে। বরাদ্দের আওতায় ৯৪৭টি বেসরকারি স্কুল ও কলেজের সংস্কার, মেরামত এবং বৈদ্যুতিক সরঞ্জামাদি কেনা হবে।
বৃহস্পতিবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর পক্ষে হিসাবরক্ষণ কর্মকর্তা ও ডিডিও মো. আবু ছায়িদ চৌধুরীর সই করা এক চিঠিতে বরাদ্দ অনুমোদনের বিষয়টি জানা যায়। চিঠিতে বলা হয়, মন্ত্রণালয়ের ১৫ জানুয়ারির স্মারকের আলোকে নির্বাচনী ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের সভাপতি করে কমিটি গঠন করা হবে। বরাদ্দের অর্থ ব্যয়ও এই কমিটির মাধ্যমে সম্পন্ন হবে। বরাদ্দকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বনিম্ন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৮৮ হাজার টাকা বরাদ্দ নির্ধারিত হয়েছে।
বরাদ্দ ব্যয়ে ছয় শর্ত
বরাদ্দ ব্যয়ে ছয়টি শর্ত উল্লেখ করা হয়েছে চিঠিতে। সেগুলো হলো– ১. তালিকাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ভোটকেন্দ্র মেরামত ও সংরক্ষণ কাজ বরাদ্দের মাধ্যমে সম্পন্ন করতে হবে। ২. তালিকাভুক্ত প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের জন্য এ অর্থ ব্যয় করা যাবে না। ৩. অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত আর্থিক বিধিবিধান মেনে চলতে হবে। ৪. ব্যয়/বিল পরিশোধে কোনো অনিয়ম উদ্ঘাটিত হলে এর দায় ব্যয় নির্বাহকারী কর্তৃপক্ষের। ৫. বরাদ্দের অর্থ থেকে পূর্ববর্তী বছরের বকেয়া পরিশোধ করা যাবে না। ৬. ব্যয় শেষে অর্থ অব্যয়িত থাকলে, তা সরকারি কোষাগারে জমা দিতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল