এইমাত্র পাওয়া

বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক।। 

২০২২ সালের পর থেকে আটকে থাকা বেসরকারি শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসর ভাতার টাকা পুনরায় দেয়া শুরু করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য কল্যাণ ট্রাস্ট ও অবসর ভাতার ব্যবস্থা করেছিলেন। কিন্তু ২০২২ সালের পর থেকে শিক্ষকদের এই অনুদানগুলো দেয়া হচ্ছিল না। সেখান থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করে বেসরকারি ব্যাংকে রেখে নষ্ট করা হয়েছে।

শিক্ষকদের বকেয়া ভাতা চালুর বিষয়ে মন্ত্রী বলেন, ‘২ হাজার কোটি টাকার একটি থোক বরাদ্দ পাওয়া গেছে। আমাদের কাছে যে অর্থ সংকুলান রয়েছে এবং নতুন যে থোক বরাদ্দ পেয়েছি, তা দিয়ে বঞ্চিত শিক্ষকদের টাকা দেয়া শুরু করব। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন অতি দ্রুত শিক্ষকদের টাকার ব্যবস্থা করতে। কারণ শিক্ষকরা অবহেলিত থাকবেন, এটা হতে পারে না। কাজ শুরু হয়েছে, মাস খানেক সময় লাগবে। এরপর একটি আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে ২০২২ সাল থেকে যারা ভাতা পাননি, তাদের আংশিক দিয়ে হলেও দেয়া শুরু হবে।’

বাজেট প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছর শিক্ষা খাতে বাজেট জিডিপির ২ শতাংশ। তবে আগামী অর্থবছরে শিক্ষা খাতের বাজেট হবে ইতিহাসের সর্বোচ্চ, যা টাকার অঙ্কে ১ লাখ ২৩ হাজার কোটি টাকা। পর্যায়ক্রমে এই বাজেট ৫ শতাংশে উন্নীত করা হবে।

বৈঠকে প্রধানমন্ত্রী শিক্ষকদের প্রশিক্ষণ, কারিগরি শিক্ষার উন্নয়ন ও নতুন বই ছাপানোসহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিয়েছেন বলে জানান মন্ত্রী। এসব বিষয়ে আগামী দু-এক দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.