এইমাত্র পাওয়া

বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েশন থাকা খুবই প্রয়োজন: ইউজিসি চেয়ারম্যান

গাজীপুরঃ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য পোস্ট গ্র্যাজুয়েটশন থাকা খুবই প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ আলমগীর।

তিনি বলেছেন, “এ পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করার জন্য অনেকেই দেশের বাইরে চলে যাচ্ছেন। আর ১০ জনের মধ্যে দুই-একজন দেশে ফিরে আসছেন। আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে এ সমস্যা বেশ প্রকট।”

বুধবার গাজীপুরে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউজিসি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “অনেক বিশ্ববিদ্যালয়ে এখনও মাস্টার্স ও পিএইচডি কোর্স চালু করতে পারেনি। মাস্টার্স ও পিএইচডি না হওয়ার কারণে নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট দেখা দিয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থী ছাড়া কোনো শিক্ষক তার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারে না।”

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পন, উদ্ভাবনী প্রদর্শনী মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. গিয়াসউদ্দিন মিয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পাঠদানের পাশাপাশি বিভিন্ন শস্যের জাত উদ্ভাবনে কাজ করছেন। এরই মধ্যে তারা বিভিন্ন শস্যের ৭৭টি জাত এবং ১৬টি প্রযুক্তি উদ্ভাবন করেছেন। তাদের কাজের স্বীকৃতি দিতে এবারই প্রথমবারের মত সম্মাননা প্রদান করা হচ্ছে।

পাঁচ শিক্ষককে বিশ্ববিদ্যালয় সম্মাননা

গবেষণায় কৃতিত্বের জন্য পাঁচ শিক্ষককে বিশ্ববিদ্যালয় সম্মাননা-২০২৩ দেওয়া হয়েছে।

তারা হলেন- ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. তোফাজ্জল ইসলাম, অধ্যাপক মো. মাহবুবুর রহমান, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক দীনেশ চন্দ্র সাহা এবং গাইনোকলজি, অবস্ট্রেটিক্স অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেল্থ বিভাগের অধ্যাপক মো. নাজমুল হক।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.