শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে আনতে আর্থিক প্রণোদনার ভাবনা

নিজস্ব প্রতিবেদক।।

শ্রেণিকক্ষে সব শিক্ষার্থীর নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ লক্ষ্য অর্জনে প্রয়োজন হলে শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক প্রণোদনা দেওয়ার বিষয়ে সরকার ভাবছে বলে জানান তিনি। রাজধানীর মোহাম্মদপুরের রিং রোডে অবস্থিত বাদশা ফয়সল ইনস্টিটিউটে গতকাল প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ‘আমাদের মূল লক্ষ্য- প্রতিটি শিশুকে ক্লাসরুমে ফিরিয়ে আনা। এ জন্য পরিবারকে ফাইন্যান্সিয়াল ইনসেনটিভ দিতে হলে সেটি কীভাবে সবচেয়ে কার্যকর করা যায়, তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। বিদ্যমান প্রণোদনা ব্যবস্থাতেও আমরা প্রয়োজনীয় আধুনিকায়ন আনব।’

তিনি বলেন, চলমান বৃত্তি পরীক্ষার তৃতীয় দিনে কেন্দ্রের পরিবেশ সন্তোষজনক পাওয়া গেছে। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষায় অংশ নিচ্ছে এবং সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারছে কিনা তা পর্যবেক্ষণে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে প্রশ্ন উঠলে ববি হাজ্জাজ বলেন, ‘বৃত্তি পরীক্ষা মূলত শিক্ষার্থীদের পাঠ্যক্রমে আগ্রহী করা এবং পরিবারকে উদ্বুদ্ধ করার একটি প্রক্রিয়া। অন্তর্বর্তী সময়ে যে পরীক্ষা নেওয়ার কথা ছিল তা না হওয়ায় আমরা সেটি বাতিল না করে চালু রেখেছি।’

তিনি আরও বলেন, ‘জ্ঞান এমন একটি বিষয়, যা ধারাবাহিকভাবে গড়ে ওঠে। পঞ্চম শ্রেণির ভিত্তি দুর্বল হলে ষষ্ঠ শ্রেণির পড়াশোনাও ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া যেহেতু সব শিক্ষার্থী একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাই এটি একটি সমতাভিত্তিক প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করছে।’

আগামীতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা বৃত্তির পরিমাণ বাড়ানোর বিষয়টি বিবেচনা করছি। পরিবারগুলোকে আরও উৎসাহিত করতে আর্থিক প্রণোদনার পরিধি বৃদ্ধি করা হবে, যাতে শিশুরা নিয়মিত বিদ্যালয়ে আসে এবং শিক্ষার সঙ্গে সম্পৃক্ত থাকে।’

নীতিমালা প্রসঙ্গে তিনি জানান, ভবিষ্যতে পরীক্ষার আগে সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা করে একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায়সংগত পদ্ধতি নিশ্চিত করা হবে।

শিক্ষাবার্তা /এ/ ১৮/০৪/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.