শিক্ষকের কাছ থেকে পরীক্ষার উত্তরপত্র নিয়ে পালালো যুবক

লক্ষ্মীপুরঃ জেলার প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের ইংরেজী শিক্ষক ইমাম হোসেন গাজীর কাছ থেকে স্কুল শাখার কয়েকটি শ্রেণির পরীক্ষার উত্তরপত্র নিয়ে পালিয়েছিল এক যুবক।

বুধবার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রায়পুর উপজেলার উত্তর রায়পুর মানিক আমিনের ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। কিছুক্ষণ পরই ঘটনাস্থলের অদূরে রাস্তার ওপর থেকে উত্তরপত্রগুলো উদ্ধার করেন শিক্ষক।

বুধবার সন্ধ্যায় শিক্ষক ইমাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে বিভিন্ন শ্রেণির পরীক্ষার্থীদের ৬৩টি উত্তরপত্র ছিল বলে জানান তিনি।

শিক্ষক ইমাম হোসেন গাজী জানান, পরীক্ষা শেষে উত্তরপত্রগুলো নিয়ে মোটরসাইকেল যোগে বাসায় যাচ্ছিলেন। এ সময় যুবক বয়সী একটি ছেলে তার কাছে সামনে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে উঠে। ঘটনাস্থল পৌঁছলে ওই যুবক তার মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার জন্য টানা-হেঁচড়া করে। একপর্যায়ে টাকা-পয়সাও দাবি করে। পরে স্থানীয় লোকজনকে আসতে দেখে তার সঙ্গে থাকা উত্তরপত্রগুলো নিয়ে পালিয়ে যায় ওই যুবক। পরে উত্তরপত্রগুলো ঘটনাস্থল থেকে একটু দূরে রাস্তার ওপর থেকে উদ্ধার করা হয়। উত্তরপত্রগুলো ওই যুবক রাস্তায় ফেলে রেখে চলে যায়।

ইমাম হোসেন গাজী আরও বলেন, ছেলেটিকে দেখলে চিনি। তার নাম জানা নেই। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে ছেলেটির বাবার নাম মান্নান খাঁ। তবে ছেলেটির নাম জানা যায়নি। ছেলেটির মানসিক সমস্যা রয়েছে বলেও জানা গেছে।

এ ব্যাপারে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিন বলেন, ঘটনাটি শিক্ষক ইমাম আমাকে জানিয়েছেন। আমি তাকে থানায় জিডি করতে বলেছি। তিনি জিডি করেছেন কি না, তা জানা নেই।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার বলেন, ঘটনাটি আমার জানা নেই। আমি নোয়াখালী আছি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.