এইমাত্র পাওয়া

জ্বালানি সংকটে শিক্ষায় নতুন রূপরেখা: সপ্তাহে ৬ দিন ক্লাস, অনলাইন-অফলাইনের সমন্বয়

নিজস্ব প্রতিবেদক।। 

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশের শিক্ষা ব্যবস্থায় নতুন পরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে স্কুলগুলোতে অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতিতেই ক্লাস পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ছয় দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়েও চিন্তা করা হচ্ছে।

মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী নীতি গ্রহণ জরুরি হয়ে পড়েছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন, যার মধ্যে শিক্ষা খাতেও পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী সপ্তাহে ছয় দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হতে পারে, তবে প্রতিদিন সরাসরি ক্লাস নেওয়ার পরিবর্তে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বয় করা হবে। প্রস্তাবিত পরিকল্পনায় সপ্তাহে অন্তত তিন দিন অনলাইনে ক্লাস নেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

বিশেষ করে মহানগর এলাকাগুলোতে এই পদ্ধতি বাস্তবায়নের সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন তিনি। মন্ত্রণালয়ের এক জরিপে দেখা গেছে, এসব এলাকায় প্রায় ৫৫ শতাংশ মানুষ অনলাইনভিত্তিক ক্লাস চালুর পক্ষে মত দিয়েছেন।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ একদিকে যেমন জ্বালানি সাশ্রয়ে সহায়ক হবে, অন্যদিকে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমও সচল রাখা সম্ভব হবে। তবে গ্রামীণ এলাকায় ইন্টারনেট সুবিধা ও ডিভাইস সংকটের বিষয়টি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।

অভিভাবক ও শিক্ষক মহলের একাংশ এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলে মনে করলেও, অনেকেই এর বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। বিশেষ করে প্রযুক্তিগত অবকাঠামো, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের সমান সুযোগ নিশ্চিত করা নিয়ে প্রশ্ন উঠছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সব দিক বিবেচনা করে শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে এই উদ্যোগ বাস্তবায়ন করা গেলে জ্বালানি সংকটের মধ্যেও দেশের শিক্ষা কার্যক্রম সচল রাখা সম্ভব হবে।

শিক্ষাবার্তা /এ/৩১/০৩/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.