সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে চাকরি হারালেন শিক্ষক

চট্টগ্রামঃ জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় চট্টগ্রামের তিনটি উপজেলায় ছাত্রলীগের ৭ নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া সাঈদীর মৃত্যুর সংবাদ শেয়ার করায় একটি আলিয়া মাদ্রাসার শিক্ষককে চাকরিচ্যুত করা হয়।

অব্যাহতি প্রাপ্তরা হলেন- লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গাজী আমজাদ, সহ সভাপতি মো. তাউসিফ, উপ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম, সাতকানিয়ার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ তারেক, সন্দ্বীপ উপজেলা শাখার সহ-সম্পাদক মো. রুস্তম, কার্যনির্বাহী সদস্য নুরুল আফছার, পৌরসভা সেক্রেটারি মেহেদী হাসান। আর চাকরি থেকে অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকের নাম ছালেহ মু. যোবায়ের। তিনি জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার গণিত শিক্ষক।

জানা যায়, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর দিন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গাজী আমজাদ হোসেন সাঈদীর ছবি পোস্ট দিয়ে লিখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজনীতির বাইরে, দলের বাইরে উনি আমার প্রিয় একজন ইসলামিক বক্তা। যাঁর ওয়াজ শুনে আমরা বড় হয়েছি।” অন্য দুজনও সাঈদীর ছবি পোস্ট করে শোক প্রকাশ করেন। এই ঘটনার প্রেক্ষিতে উপজেলা ছাত্রলীগ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে অব্যাহতি দেন।

বুধবার (১৬ আগস্ট) উপজেলা ছাত্রলীগের সভাপতি এ. কে. এম আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহন করা একটি সংগঠন। এই সংগঠনের নীতি-আদর্শ ভুলে নৈতিক অবক্ষয় হওয়া কারো স্থান নেই। সাম্প্রতিক সময়ে নীতি-আদর্শ ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলার তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

এই বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী বলেন, সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রলীগের ওই তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের স্থায়ীভাবে বহিষ্কারের জন্য দক্ষিণ জেলা ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে।

এদিকে হোসাইন সাঈদীর মৃত্যুতে ইন্না-লিল্লাহ লিখে স্ট্যাটাস দেয়ায় সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ তারেককে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.