পুরোনো প্রশ্নে পরীক্ষা, ১১ শিক্ষককে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক।।

চলতি এসএসসি পরীক্ষায় পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র সরবরাহের ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করা হয়েছে। এছাড়া দায়িত্ব অবহেলার কারণে কক্ষ প্রত্যবেক্ষক (ইনভিজিলেটর) হিসেবে নিয়োজিত ১১ শিক্ষককে এসএসসি পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক চিঠিতে কেন্দ্র সচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের মহাপরিচালকের কাছে এ সুপারিশ করেন তিনি। এছাড়া ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত আরেকটি চিঠিতে ১১ শিক্ষককে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত এসব তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে ইউএনও স্বাক্ষরিত এক অফিস আদেশে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমকে অভিযুক্ত কেন্দ্র সচিব মো. আবদুল মতিন সরকারের স্থলাভিষিক্ত করা হয়েছে।

গত মঙ্গলবার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেয় সিনহা উচ্চ বিদ্যালয়, দবরউদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় ও নাসিম মেমোরিয়াল ল্যাবরোটরি স্কুলের ৭৬০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১৭৭ জন পরীক্ষার্থীকে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। এ প্রশ্নেই নিয়মিত শিক্ষার্থীরা এক ঘন্টা ২৫ মিনিট পরীক্ষা দেয়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে সঠিক প্রশ্নে সময় বাড়িয়ে পরীক্ষা গ্রহণ করা হয়। ওইদিন বিকেলেই কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়।

শিক্ষাবার্তা /এ/ ২২ /০৪/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.