নভেম্বরের মধ্যে নতুন বই উপজেলায় পৌঁছে যাবে

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারঃ নতুন বছরের প্রথমদিন সব শিশুর হাতে বই পৌঁছাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। তিনি বলেন, নভেম্বরের মধ্যে আগামী শিক্ষাবর্ষের সব বই উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে। নতুন বছরে ২য় ও ৩য় শ্রেণির পাঠ্যবই পরিমার্জিত পাঠ্যক্রম অনুযায়ী প্রণয়ন করা হয়েছে। পরবর্তী বছর চতুর্থ ও পঞ্চম শ্রেণির জন্য নতুন পাঠ্যবই প্রণয়ন করা হবে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে কক্সবাজারের একটি হোটেলে ইউএস এআইডির ‘সবাই মিলে শিখি’ প্রকল্পের ২য় বার্ষিক কর্মপরিকল্পনা সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় (ভার্চুয়ালি) এ কথা বলেন তিনি।

গণশিক্ষা সচিব বলেন, সবাই মিলে শিখির মূল কথাই হলো কেউ বাদ যাবে না, কিংবা পিছিয়ে পড়বে না। সবাই সমান সুযোগ পাবে, সম্মিলিত প্রয়াসে নিরন্তর এগিয়ে যাবে।

তিনি চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উপযোগী করে শিশুদের গড়ে তুলতে কর্মপরিকল্পনা নেওয়ারও আহ্বান জানান।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন, ইউএস এআইডির পরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মনীষ চাকমাসহ অনেকে।

সবাই মিলে শিখি প্রকল্পের আওতায় ঢাকা, খুলনা ও রংপুর বিভাগের ৯টি জেলার ১৬টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি আরও ২০টি উপজেলাসহ মোট ৩৬টি উপজেলার ৫ হাজারেরও অধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ হাজারেরও বেশি শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রায় ২০০ কোটি টাকার এ প্রকল্পের মেয়াদ ৫ বছর।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.