এইমাত্র পাওয়া

শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার ফি ফেরত দেওয়ার নির্দেশ

সজল আহমেদ।।

সরকার এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বাবদ যে ফি আদায় করা হয়েছিল সেই ফি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে । রোববার ঢাকা শিক্ষা বোর্ড থেকে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমির উল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন বাবদ ধার্য করা অর্থ এবং ব্যবহারিক ও কেন্দ্র ফি আদায় করা টাকার অংশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির ১৫৮তম সভায় ফেরত দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। যেসব পরীক্ষার্থী পরীক্ষার ফরম পূরণ করেছিলেন তাদের প্রতি পত্রের জন্য বোর্ড নির্ধারিত ফি থেকে পত্র প্রতি ৩০ টাকা করে এবং ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে পত্র প্রতি আরও ১০ টাকা শিক্ষা বোর্ড থেকে ফেরত দেওয়া হবে।

এছাড়া পরীক্ষার্থী প্রতি ২০০ টাকা করে এবং আইসিটিবিষয়ক পরীক্ষার্থীদের অতিরিক্ত আরও ২৫ টাকা ফেরত দেওয়া হবে বলেও আদেশে বলা হয়। এতে বলা হয়, আইসিটি ছাড়া সব ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে পত্র প্রতি অতিরিক্ত ৪৫ টাকা করে ফেরত দেওয়া হবে। কেন্দ্র ফি বাবদ ব্যয় না হওয়া টাকা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফেরত নেবে পরীক্ষার্থীরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.