পদার্থবিজ্ঞান প্রথম পত্র
সপ্তম অধ্যায়
জ্ঞানমূলক প্রশ্ন
[পূর্বপ্রকাশের পর]
২০। স্থিতিস্থাপক ক্লান্তি কী?
উত্তর : স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুতে অনেকক্ষণ যাবৎ পীড়নের হ্রাস-বৃদ্ধি করলে বস্তুর স্থিতিস্থাপক ধর্ম লোপ পায়। তখন অসহভারের চেয়ে কম ভারে বস্তুটি ছিঁড়ে যায়। বস্তুর এই অবস্থাকে স্থিতিস্থাপক ক্লান্তি বলে।
২১। হুকের সূত্র কাকে বলে?
উত্তর : ১৬৭৮ খ্রিস্টাব্দে ইংরেজ বিজ্ঞানী রাবর্ট হুক পীড়ন ও বিকৃতির মধ্যে যে সম্পর্ক প্রণয়ন করেন, তাকে হুকের সূত্র বলে। সূত্রের বর্ণনা নিম্নরূপ :
স্থিতিস্থাপকতার সীমার মধ্যে কোনা বস্তুর পীড়ন-এর বিকৃতির সমানুপাতিক।
২২।
ইয়ং-এর স্থিতিস্থাপক গুণাঙ্ক কী?
উত্তর : স্থিতিস্থাপকতার সীমার মধ্যে দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ইয়ং-এর স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে।
২৩। আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক বা আয়তন মানাঙ্ক বা আয়তন গুণাঙ্ক কাকে বলে?
উত্তর : স্থিতিস্থাপকতার সীমার মধ্যে আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাতকে আয়তনের স্থিতিস্থাপক মানাঙ্ক বা গুণাঙ্ক বলে।
২৪।
সংনম্যতা কী?
উত্তর : আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে সংনম্যতা বলে।
২৫। পয়সনের অনুপাত কাকে বলে?
উত্তর : স্থিতিস্থাপক সীমার মধ্যে স্থিতিস্থাপক বস্তুর পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে পয়সনের অনুপাত বলে।
২৬। স্থিতিস্থাপক বিভব শক্তি কাকে বলে?
উত্তর : বল প্রয়োগে কোনো স্থিতিস্থাপক বস্তু বিকৃত হলে ওই বল দ্বারা কাজ সম্পাদিত হয়।
এ সম্পাদিত কাজ বস্তুতে বিভব (স্থিতি)
শক্তিরূপে সঞ্চিত থাকে। এই শক্তিকে স্থিতিস্থাপক বিভব (স্থিতি) শক্তি বলে।
২৭। ক্রান্তি বেগ বা সংকট বেগ বা সন্ধি বেগ কী?
উত্তর : বেগের যে নির্দিষ্ট সীমা অতিক্রম করার পর প্রবাহীর শান্ত গতি অশান্ত গতিতে পরিণত হয়, তাকে ক্রান্তি বেগ বা সংকট বেগ বা সন্ধি বেগ বলে।
২৮। প্রবাহী কাকে বলে?
উত্তর : যেসব পদার্থকে (যেমন : তরল এবং গ্যাস বা বায়ুকে) কোনো পাত্রে আবদ্ধ না রাখলে আপনা-আপনি গতিশীল বা প্রবাহিত হয় তাদেরকে প্রবাহী বলে।
২৯। অসংকোচনশীল, সংকোচনশীল প্রবাহী, প্রবাহীর প্রবাহ কী?
উত্তর : যেসব প্রবাহীর ওপর বল বা চাপ প্রয়োগ করলে আয়তনের পরিবর্তন ঘটে না তাদেরকে অসংকোচনশীল প্রবাহী বলে। যেসব প্রবাহীর ওপর বল বা চাপ প্রয়োগ করলে আয়তনের পরিবর্তন ঘটে তাদেরকে সংকোচনশীল প্রবাহী বলে। প্রবাহী আপনা-আপনি এক স্থান থেকে অন্য স্থানে গমন করাকে প্রবাহীর প্রবাহী বলে।
৩০। শান্ত প্রবাহ বা স্রোত রেখ প্রবাহ বা সমরেখ প্রবাহ বা ধরারেখ প্রবাহ কাকে বলে?
উত্তর : প্রবাহীর বিভিন্ন কণাগুলো যদি তাদের গতিকালে গতিপথের সঙ্গে সমান্তরালভাবে চলে এবং প্রতিটি কণা তার আগের গতিপথকে অনুসরণ করে, তাকে শান্ত প্রবাহ বা স্রোত রেখ প্রবাহ বলে।
৩১। অশান্ত প্রবাহ বা ব্যাহত প্রবাহ বা বিক্ষিপ্ত্ত প্রবাহ বা অবিন্যস্ত প্রবাহ বা বিশৃঙ্খল প্রবাহ কী?
উত্তর : প্রবাহীর বিভিন্ন কণা যদি তাদের গতিকালে গতিপথের সঙ্গে সমান্তরালভাবে না চলে এবং কণাগুলো তাদের আগের গতিপথকে অনুসরণ না করে, তাকে অশান্ত প্রবাহ বা বিক্ষিপ্ত প্রবাহ বলে।
৩২। বেগ অবক্রম কাকে বলে?
উত্তর : দূরত্বের সাপেক্ষে বেগের বৃদ্ধির হারকে বেগ অবক্রম বলে।
৩৩। প্রবাহীর সান্দ্রতা কী?
উত্তর : যে ধর্মের গুণে প্রবাহী তার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতিকে মন্দীভূত করতে চায়, তাকে প্রবাহীর সান্দ্রতা বলে।
৩৪। সান্দ্রতা সম্পর্কিত নিউটনের সূত্র বিবৃত করো।
উত্তর : বিজ্ঞানী নিউটনের মতে, প্রবাহী ধরারেখ গতি বজায় রাখলে সান্দ্রবল হলো প্রবাহীর স্তরের ক্ষেত্রফল-এর সমানুপাতিক, বেগ অবক্রম-এর সমানুপাতিক।
৩৫। সান্দ্রতা গুণাঙ্ক কাকে বলে?
উত্তর : একক বেগ অবক্রম বজায় রাখার জন্য প্রবাহীর একক ক্ষেত্রফলের ওপর যে পরিমাণ স্পর্শী বল ক্রিয়া করে, তাকে ওই প্রবাহীর সান্দ্রতা গুণাঙ্ক বলে।
৩৬। নিউটনীয় তরল কী?
উত্তর : যেসব তরল সান্দ্রতা সম্পর্কিত নিউটনের সূত্র মেনে চলে তাদেরকে নিউটনীয় তরল
বলে। যেমন : পানি, মধু, দুধ ইত্যাদি।
৩৭। অনিউটনীয় তরল কাকে বলে?
উত্তর : যেসব তরল সান্দ্রতা সম্পর্কিত নিউটনের সূত্র মেনে চলে না, তাদেরকে অনিউটনীয় তরল বলে। যেমন : রক্ত এবং রং ইত্যাদি।
৩৮। প্রান্তিক বা অন্ত্যবেগ কী?
উত্তর : প্রবাহীর তথা তরলের মধ্য দিয়ে পতনশীল গোলাকার বস্তুর স্থির (সম) বেগকে প্রান্তিক বা অন্ত্যবেগ বলে।
৩৯। স্টোকস-এর সূত্র কী?
উত্তর : প্রবাহীর মধ্যে পতনশীল গোলাকার বস্তুর ওপর সান্দ্রতাজনিত ঊর্ধ্বমুখী বল হলো প্রবাহীর সান্দ্রতা গুণাঙ্কের সমানুপাতিক, গোলকের প্রান্তিক বেগের সমানুপাতিক এবং গোলকের ব্যাসার্ধের সমানুপাতিক।
৪০। পৃষ্ঠটান কাকে বলে?
উত্তর : কোনো তরল পৃষ্ঠ বরাবর একটি রেখা কল্পনা করলে রেখার একক দৈর্ঘ্যে এবং রেখার উভয় পার্শ্বে অভিলম্বভাবে ও তরল পৃষ্ঠের স্পর্শকরূপে যে বল ক্রিয়া করে, তাকে পৃষ্ঠটান বলে।
শিক্ষাবার্তা /এ/১৬/০২/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
