নিজস্ব প্রতিবেদক।।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যার দিকে টিএসসি এলাকায় ওই শিক্ষার্থীকে ঘোরাঘুরি করতে দেখে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।
আটক হওয়া শিক্ষার্থীর নাম এম. সাকিব, যিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী এবং বিজয় একাত্তর হলে থাকতেন। জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে সাকিবের বিরুদ্ধে ইতোমধ্যে দুটি মামলা রয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
সাকিবকে আটকের বিষয়ে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আশফাক ফারহান হিমেল জানান, টিএসসিতে অবস্থানকালে তারা সাকিবকে শনাক্ত করেন। তাদের দাবি, গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যে হামলা চালানো হয়েছিল, সাকিব তাতে সরাসরি অংশ নিয়েছিলেন। এমনকি ৩ আগস্ট পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বিভিন্ন সহিংস পোস্ট দিয়ে শিক্ষার্থীদের হুমকি দিয়ে আসছিলেন।
হিমেল আরও জানান, তারা সাকিবের ফেসবুক প্রোফাইল পরীক্ষা করে সেখানে উসকানিমূলক ও ন্যক্কারজনক কার্যক্রমের প্রমাণ পেয়েছেন। বিষয়টি সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি মনে হওয়ায় তারা প্রক্টোরিয়াল বডির সহায়তায় তাকে থানায় নিয়ে যান।
আটকের সময় সাকিব দাবি করেন, তিনি মূলত তার ভর্তি সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। তবে ১৫ জুলাইয়ের ওই হামলার ঘটনায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগেই তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছিল। বর্তমানে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম এবং শিক্ষার্থীদের ওপর সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ওই শিক্ষার্থীকে থানায় আনা হয়েছে। তার নামে আগে থেকে কোনো মামলা আছে কি না, তা গভীরভাবে যাচাই করা হচ্ছে। যদি মামলার নথিতে তার নাম পাওয়া যায়, তবে তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। অন্যথায় আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
সার্বিক বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, এম. সাকিব বিশ্ববিদ্যালয়েরই একজন ছাত্র। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও সহিংসতার ঘটনায় শাহবাগ থানায় দায়ের হওয়া দুটি মামলায় তার নাম রয়েছে।
শিক্ষাবার্তা /এ/ ২৯ /০৪/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
