বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে অবৈধভাবে বিভাগীয় প্রধানের নিয়োগ বাতিল করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় তারা বৈধভাবে বিভাগীয় প্রধান নিয়োগের কথা জানান।
রোববার (৩১ জানুয়ারি) বেলা ১১টা থেকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, অবৈধভাবে নিয়োগকৃত বিভাগীয় প্রধানের নিয়োগ বাতিল করে বৈধভাবে বিভাগীয় প্রধান নিয়োগের দাবিতে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। এর আগে প্রশাসনের কাছে এ ব্যাপার জানাানো হলেও তারা কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় বাধ্য হয়েই এ কর্মসূচি পালন করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চলবে।
এ বিষয়ে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক তরিকুল ইসলাম বলেন, আমরা শিক্ষার্থীদের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয়ের আইন ও আদালতের রায় অনুযায়ী বিভাগীয় প্রধান নিয়োগ চাই। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
ড. বিজন মোহন চাকি বলেন, অবৈধভাবে নিয়োগকৃত বিভাগীয় প্রধানের কোনো কর্মকাণ্ড বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মানে না। তাই বিভাগে এক ধরণের অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এ থেকে উত্তরণের জন্য দ্রুত বিশ্ববিদ্যালয়ের আইন মোতাবেক বিভাগীয় প্রধান নিয়োগ দিতে প্রশাসনকে আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তার সাড়া মেলেনি।
গত ১৬ জুন ২০২০ সালে বিশ্ববিদ্যালয়ের আইনের ২৮ এর ২ ধারা ভঙ্গ সহযোগী অধ্যাপক ড. বিজন মোহন চাকিকে নিয়োগ বঞ্চিত করে অবৈধভাবে সহকারী অধ্যাপক তানিয়া তোফাজকে বিভাগীয় প্রধান নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর থেকে বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা বৈধ বিভাগীয় প্রধান নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

