নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন সর্বজনীন বদলির দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা।
বুধবার (২ জুলাই) বিকেল ৪টায় কর্মসূচি স্থগিত ঘোষণা করে এমপিওভুক্ত শিক্ষকদের সর্বজনীন বদলিপ্রত্যাশী শিক্ষকরা।
এমপিওভুক্ত শিক্ষকদের সর্বজনীন বদলিপ্রত্যাশী শিক্ষকদের অন্যতম সমন্বয়ক মো. রবিউল ইসলাম জানান, ‘আমরা উপদেষ্টার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। তবে তিনি ছিলেন না। পরে উপদেষ্টার একান্ত সচিব এ কে এম তাজকির-উজ-জামানের সঙ্গে দেখা করে কথা বলি। তিনি আমাদের দাবির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা আপাতত আমাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করেছি। দাবি আদায় না হলে আবারও কর্মসূচি ঘোষণা করা হবে।’
এর আগে মঙ্গলবার সকাল থেকে এমপিওভুক্ত শিক্ষকদের সর্বজনীন বদলির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষকরা।
শিক্ষকরা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনলাইনে সর্বজনীন বদলি প্রক্রিয়া চালুর দাবি জানিয়ে আসলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে একজন শিক্ষক যেখানে ইচ্ছা বা প্রয়োজন, সেখানে বদলির সুযোগ পাচ্ছেন না। এতে করে যেমন শিক্ষকদের পারিবারিক ও ব্যক্তিগত জীবনে চাপ সৃষ্টি হচ্ছে, তেমনি অনেক নারী শিক্ষকের সংসার ভেঙে যাচ্ছে।
আন্দোলনকারী শিক্ষকরা আরও জানান, ‘সবার জন্য সমান সুযোগ’ নিশ্চিত করতে অবিলম্বে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক সর্বজনীন বদলি নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে। শিক্ষকদের প্রতি অবহেলার প্রতিবাদ জানিয়ে সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
জানা গেছে, ২০০৫ খ্রিষ্টাব্দ থেকে তাদের সনদ দিয়েছিলো এনটিআরসিএ। তবে জারি করা বদলি নীতিমালায় শুধুমাত্র ২০১৫ খ্রিষ্টাব্দের পরে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্তরা সুযোগ পাবেন। এ নিয়ে নীতিমালা জারির পর থেকেই সনদপ্রাপ্তরা ক্ষোভ প্রকাশ করে আসছিলেন।
এই প্রজ্ঞাপন অনুযায়ী ২০১৬ খ্রিষ্টাব্দ থেকে আগে নিয়োগপ্রাপ্ত সব শিক্ষককে বদলির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে যা শিক্ষকদের মাঝে চরম বিভাজন ও হতাশা তৈরি করেছে। এমনকি বর্তমানে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বদলি সুযোগ বঞ্চিত এবং বদলি সুযোগপ্রাপ্ত শিক্ষকদের মাঝে চরম দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, একে অপরের প্রতি বিষবাক্য ছুড়ছেন, মনে হচ্ছে এ যেনো একটা গৃহযুদ্ধ শুরু হয়েছে যা শিক্ষাব্যবস্থার জন্য হুমকি স্বরুপ।
এমন পরিস্থতিতে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালার বৈষম্য নিরসন ও সংশোধন করে এনটিআরসিএ নিবন্ধিত (সনদপ্রাপ্ত) এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বদলি চালু করা প্রয়োজন যা শিক্ষাব্যবস্থায় আনন্দঘন পরিবেশ ফিরিয়ে আনবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
