চবি: সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে রেলপথ অবরোধ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও চবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। ফলে চট্টগ্রাম-ঢাকা ও চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে নতুন ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন করছেন তারা।
বুধবার (১০ জুলাই) বেলা ১১টায় দেওয়ান হাটে রেলপথ অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে সকাল পৌনে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে চড়ে ১৭ কিলোমিটার দূরে দেওয়ান হাটে আসেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বর্তমানে দেওয়ান হাটের রেলপথে অবস্থান করছেন।
এ সময় শিক্ষার্থীদের ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মেধা না কোটা? মেধা- মেধা’, ‘মেধাবীদের কান্না, আর না, আর না’, কোটার বিরুদ্ধে -লড়াই হবে একসাথে’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, মেধাবীদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে আমরা অংশগ্রহণ করেছি। কোটা বৈষম্যের কারণে মেধাবীদের জন্য সব রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে। আমরা মেধাবী দ্বারা পরিচালিত একটি স্মার্ট বাংলাদেশ দেখতে চাই।
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর চবি সমন্বয়ক রাসেল আহমেদ জানান, আমরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে সকাল-সন্ধ্যা সড়ক ও রেলপথ অবরোধের সিদ্ধান্ত নিয়েছি। সকাল দশটা থেকে আমাদের অবরোধ কার্যক্রম শুরু হবে এবং সূর্যাস্ত পর্যন্ত চলবে। আমাদের দাবি মেনে নেওয়া না হলে সামনে এর চাইতে কঠোর কর্মসূচি আসবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
