কুবি: সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে সংস্কারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। বুধবার (১০ জুলাই) চতুর্থ দিনের মত বাংলা ব্লকেডের কর্মসূচি পালন করেন তারা। এতে করে রাস্তার দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গিয়ে দিনব্যাপী অবরোধের জন্য অবস্থান নেন শিক্ষার্থীরা।
এ সময় বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীদেরকে ‘কোটা না মেধা-মেধা মেধা, আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম, ‘আঠারোর পরিপত্র-পুনর্বহাল করতে হবে, ‘কোটাপ্রথা নিপাত যাক, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁয় নাই’, ‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘মেধাবীদের কান্না আর না আর না’, ‘মেধা নাকি কোটা, মেধা মেধা’ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ না হলে পুরো বাংলাদেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন।
এদিকে অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে রোগী বহনকারী গাড়ি ও জরুরি সেবার গাড়ি ছেড়ে দিতে দেখা গেছে শিক্ষার্থীদের।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
