এইমাত্র পাওয়া

কওমি মাদরাসাকে মূলধারার শিক্ষার সাথে যুক্ত করার তাগিদ

ঢাকা: দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম মনিটরিং জোরদার ও কওমি মাদরাসাগুলোকে মূলধারার শিক্ষার সাথে সম্পৃক্ত করতে তাগিদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি বৈঠকে এই সুপারিশ করা হয়।

স্থায়ী কমিতির বৈঠকের শুরুতে ১ম, ২য় ও ৩য় বৈঠকের সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন অগ্রগতি এবং বিগত সভার কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয়। সেই সাথে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ছাপার ক্ষেত্রে সর্বোচ্চ গুণগত মান বজায় রাখতে সুপারিশ করা হয়।

বৈঠকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সার্বিক কার্যক্রম কমিটিকে অবহিত করা হয় এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোকে জবাবদিহিতা ও স্বচ্ছতার আওতায় আনতে কার্যকরী পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়।

সংসদীয় কমিটি বৈঠকের শেষে “আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল, ২০২৪” যাচাই-বাছাই করে দ্রুত চূড়ান্ত পূর্বক বিলটি পাশের জন্য সুপারিশ করা হয়।

বৈঠক কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপি এর সভাপতিত্বে কমিটির সদস্য শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, মোতাহার হোসেন, আ ফ ম বাহাউদ্দীন, মোঃ আব্দুল মজিদ, আহমদ হোসেন, মোঃ বিপ্লব হাসান, মোঃ আব্দুল মালাক সরকার এবং মোঃ আজিজুল ইসলাম বৈঠকে অংশ নেন।

বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, কারিগরি শিক্ষা ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০৭/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.