নিজস্ব প্রতিবেদক, ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, দেশে বর্তমানে ১৪ হাজার ৩২০টি কমিউনিটি ক্লিনিক চালু আছে। ৬৩টি কমিউনিটি ক্লিনিকের নির্মাণকাজ চলমান রয়েছে। আরো ১৪ হাজার ৮৯০টি কমিউনিটি ক্লিনিক নির্মাণের পরিকল্পনা করছে সরকার।
মঙ্গলবার জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) ফরিদা ইয়াসমিনের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
ডা. সামন্ত লাল সেন বলেন, গ্রামীণ জনগণকে মূলত স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য উন্নয়ন, পুষ্টি, পরিবার পরিকল্পনা, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগ শনাক্তকরণ ও সীমিত নিরাময়মূলক সেবা প্রদান করে কমিউনিটি ক্লিনিক। এ ছাড়া জরুরি ও জটিল রোগীদের যথাযথ ব্যবস্থাপনার জন্য উচ্চতর পর্যায়ে রেফার সংক্রান্ত সেবাদান করে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিকগুলো অসংক্রামক রোগসমূহ প্রাথমিকভাবে নিরূপণ এবং উচ্চতর পর্যায়ে রেফার করে থাকে। অসংক্রামক রোগের মধ্যে রয়েছে- উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, আর্সেনিকোসিস ও অটিজম ইত্যাদি।
তিনি আরো বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিউনিটি ক্লিনিকে নিয়মিত স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম আরো জোরদারকরণ এবং একটি কার্যকর রেফারেল ব্যবস্থাপনা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
