শওগাত আলী সাগর: কানাডায় হাইস্কুল পর্যন্ত বাচ্চাদের টেক্সট বই কিনতে হয় না। যখন যা পড়ানো হয় সেগুলো স্কুল থেকেই দেওয়া হয়। দিনের পড়ার কাজটা প্রায় পুরোটাই ক্লাসে সেরে আসতে হয়। হোম ওয়ার্কের জন্য প্রয়োজনীয় রিডিং ম্যাটারিয়্যাল স্কুল থেকেই সরবরাহ করা হয়। কখনো পুরো বই, কখনো বইয়ের কয়েকটি পাতা, কখনোবা কোনো জার্নালে প্রকাশিত রিপোর্টের ফটোকপি।
বিশেষ প্যানেলের সুপারিশকৃত বইগুলো নিয়ে প্রবিন্সিয়াল সরকার হাই স্কুল পর্যন্ত বিভিন্ন ক্লাসের জন্য টেক্সট বই হিসেবে কিছু বইয়ের তালিকা (এটিকে বলা হয় ট্রিলিয়াম লিস্ট) করে দেন। স্কুলগুলো নিজেরা ঠিক করে তারা ওই তালিকা থেকে কোন বইটা তাদের স্কুলে পড়াবে। স্কুল অবশ্য শিক্ষা বোর্ডের অনুমোদন নিতে হয়। যে বইগুলো পড়ানোর জন্য ঠিক করা হলো সেই বইগুলো স্কুল সংগ্রহ করে। প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা করে বই দেওয়া হয় না। তবে যখন যেটি পড়ানো হয় তার প্রয়োজনীয় ম্যাটারিয়্যাল শিক্ষার্থীদের স্কুল থেকে দেওয়া হয়।
তবে বিভিন্ন দোকানে বিভিন্ন ক্লাসের কারিক্যুলাম বই বিক্রি হয়, অনেক অভিভাবক বিশেষ করে সাউথ এশিয়ান অভিভাবকরা নিজ আগ্রহে সেই বই কিনে থাকেন। ক্লাসে যে এই বইগুলোই পড়ানো হয়Ñ ঠিক তাও না। তবু অনেক অভিভাবক নিজ আগ্রহে কিছু কিচু বই কিনেন।
এখন অবশ্য নানা এথনিসিটিতে ‘টিউটরিং প্রথা’ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক ‘টিউটরিং সেন্টার’ এই বইগুলো ধরে কিংবা ট্রিলিয়াম লিষ্টের বই ধরে পড়ায়। টিউটরিং সেন্টারগুলোয় যারা বাচ্চাদের পড়তে পাঠান তারা এই বইগুলো কিনে থাকেন। কোথাও কোথাও টিউটরিং সেন্টারই বইগুলো বিক্রি করে।
স্কুলগুলো বইয়ের চেয়েও শিক্ষাদানকেই গুরুত্বপূর্ণ মনে করেÑ বিধায় বই নিয়ে কোনো মাতামাতি দেখা যায় না। (পাঠ্যপুস্তক নিয়ে শিশির দা (শিশির ভট্টাচার্য্য) চমৎকার একটা বিষয়ের অবতারণা করেছেন। তাঁর পোস্টে অনুপ্রাণিত হয়ে এইটুকু লিখলাম।)।
লেখক: কানাডা প্রবাসী সাংবাদিক
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
“মুক্তমত ও সাক্ষাৎকার কলামে প্রকাশিত নিবন্ধ লেখকের নিজস্ব। শিক্ষাবার্তা’র সম্পাদকীয় নীতির সঙ্গে মুক্তমত ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক ও আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের;- শিক্ষাবার্তা কর্তৃপক্ষের নয়।”
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
