নিউজ ডেস্ক।।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আর বিক্রি শুরুর এক ঘণ্টার মধ্যেই রেলের পশ্চিমাঞ্চলের রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের নির্ধারিত টিকিট প্রায় শেষ হয়ে গেছে। গতকাল বুধবার সকাল ৮টায় টিকিট বিক্রি শুরুর আধ ঘণ্টায় প্রায় ৬০ লাখ হিট পড়েছে।
রেলওয়ে সূত্র জানায়, ঈদযাত্রায় পূর্ব ও পশ্চিমাঞ্চল মিলিয়ে ৪৩টি ট্রেনের আসন রয়েছে ৩১ হাজার ২৪০টি। এর মধ্যে পূর্বাঞ্চলে ১৫ হাজার ৯৭৪ এবং পশ্চিমাঞ্চলে ১৫ হাজার ২৬৬টি আসন রয়েছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত পশ্চিমাঞ্চলের ১৪ হাজার ৫৩৫টি টিকিট বিক্রি হয়। সকাল সাড়ে ১০টা নাগাদ এ সংখ্যা দাঁড়ায় ১৫ হাজার ১৪৮। ফলে পশ্চিমাঞ্চলের বেশিরভাগ টিকিট সকালেই বিক্রি হয়ে গেছে। বেলা ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।
রেলের সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার বিক্রি হবে ২৪ মে যাত্রার টিকিট, আগামীকাল শুক্রবার ২৫ মের, শনিবার ২৬ মের এবং রোববার ২৭ মে যাত্রার টিকিট পাওয়া যাবে। একজন যাত্রী ঈদের আগাম যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট ক্রয় করতে পারবেন। ঈদের অগ্রিম যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না।
এ ছাড়া বিভিন্ন রুটে ১০টি বিশেষ ট্রেন চালানো হবে ঈদ উপলক্ষে। যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ছাড়া) স্টেশন কাউন্টার থেকে বিক্রি হবে। ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে।
বাসের অগ্রিম টিকিট বিক্রিতে ভিড় কম
ঈদযাত্রায় দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় গত শুক্রবার থেকে। বিভিন্ন বাস কোম্পানি অনলাইন ও কাউন্টার উভয় মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রি করছে। ২১ মে থেকে ঈদের আগের দিনের বাসের অগ্রিম টিকিট বিক্রি করা হলেও গতকাল খুব একটা ভিড় লক্ষ্য করা যায়নি।
সায়েদাবাদ ও মহাখালী বাসটার্মিনাল ঘুরে দেখা যায়, দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে খুব একটা ভিড় নেই। তবে তেলের দাম বৃদ্ধির পর যে হারে ভাড়া বাড়ানো হয়েছে, তার থেকেও ৫০-১০০ টাকা বেশি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে কয়েকটি বাস কোম্পানির বিরুদ্ধে।
সংশ্লিষ্টরা বলছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ২৪ ও ২৫ মে’র অগ্রিম টিকিটের চাহিদা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
রেল সেবায় টিকিট কাটার পরামর্শ
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে হয়রানি ও প্রতারণা এড়াতে রেলওয়ের নির্ধারিত ‘রেল সেবা’ অ্যাপ ব্যবহার করে ট্রেনের আগাম টিকিট কাটার পরামর্শ দেওয়া হয়েছে। ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিন গতকাল রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো বিজ্ঞপ্তিতে পরামর্শ দেওয়া হয়।
এতে বলা হয়, সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেনের টিকিট সংগ্রহ করে দেওয়ার নিশ্চয়তা দিয়ে যাত্রীদের প্রতারণার ফাঁদে ফেলছে। ঈদযাত্রার ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে। ‘রেল সেবা’ ছাড়া অন্য কোথাও ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে না। তাই অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা মাধ্যম থেকে টিকিট কিনলে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
