এক এসএসসি পরীক্ষার্থীর পাহারায় ৮ কর্মকর্তা

নিউজ ডেস্ক।। 
বাংলা টিভি ডেস্ক: বগুড়ার শিবগঞ্জ উপজেলার এসএসসি পরীক্ষাকেন্দ্রের একটি কক্ষে এক পরীক্ষার্থীর সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার দায়িত্বে ছিলেন শিক্ষক, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ মোট ৮ কর্মকর্তা-কর্মচারী।

বুধবার (১৩ মে) উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্র সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় গুজিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে হিসাববিজ্ঞান বিষয়ে নিবন্ধিত পরীক্ষার্থী ছিল মাত্র একজন।

তবে, পরীক্ষার্থী সংখ্যায় কম হলেও শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। ফলে নিয়ম মেনেই ওই কেন্দ্রের বড় একটি কক্ষে একজন পরীক্ষার্থীর জন্য পূর্ণাঙ্গ প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে।

দায়িত্ব পালনকারীদের মধ্যে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ট্যাগ অফিসার, কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক, সহকারী শিক্ষক, পুলিশ সদস্য এবং দুইজন অফিস সহায়ক।

এ প্রসঙ্গে গুজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শাহিনুর আলম বলেন, পরীক্ষার্থী একজন হলেও বোর্ডের নির্দেশনা অনুযায়ী সব নিয়ম মেনেই পরীক্ষা পরিচালনা করা হয়েছে এবং নিয়মের কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.