প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় তদন্ত

বরগুনাঃ আমতলী উপজেলার হালিমা খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আনোয়ার হোসেনকে মারধর ঘটনায় তদন্ত শুরু করেছে ডিবি পুলিশ।

সোমবার বরগুনা ডিবির ওসি মো. বশির উদ্দিন এ ঘটনা তদন্তে বিদ্যালয় পরিদর্শন করছেন।

জানা গেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের হালিমা খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আনোয়ার হোসেনকে না জানিয়ে গোপনে ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলাম মনি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হন। এর প্রতিবাদ করায় ইউপি চেয়ারম্যান মনি ও তার সহযোগীরা গত ১০ জুলাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধর করেন।

এ ঘটনায় প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বরগুনা দ্রুতবিচার ট্রাইব্যুনালে চেয়ারম্যান এইচএম মনিরুল ইসলাম মনি, তার সহযোগী হারুন অর-রশিদ ও নাঈমকে আসামি করে গত ১৩ জুলাই মামলা দায়ের করেন। আদালতের বিচারক ওই মামলাটি আমলে নিয়ে বরগুনা ডিবির ওসিকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সোমবার ডিবির ওসি মো. বশির উদ্দিন বিদ্যালয় এসে তদন্ত কার্যক্রম শুরু করেছেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন বলেন, ডিবির ওসি বশির উদ্দিন ঘটনা তদন্তে বিদ্যালয়ে আসেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

ইউপি চেয়ারম্যান এইচএম মনিরুল ইসলাম মনি বলেন, আমাকে হেয় করতে মিথ্যা মামলা সাজানো হয়েছে। তদন্তের বিষয়ে আমি কিছুই জানি না।

বরগুনার ডিবির ওসি মো. বশির উদ্দিন বলেন, সত্য ঘটনা উদঘাটনে তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৮/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.