মাতৃভাষা ছাড়া শিক্ষার ভিত নির্মাণ করা যায় না: গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, শিক্ষার্থীর মেধা, মনন ও চেতনার বিকাশে মাতৃভাষার ভূমিকা বিশাল, বিরাট এবং ব্যাপক। মাতৃভাষা ছাড়া শিক্ষার ভিত নির্মাণ করা যায় না। তাই শিক্ষার্থীর দক্ষতা ও সাবলীলভাবে জ্ঞানার্জনে মাতৃভাষার প্রতি গুরুত্বারোপ করা করতে হবে।

বুধবার (২৬ জুলাই) সকালে কুড়িগ্রাম পিটিআই মিলনায়তনে ‘এসো শিখি’র জেলা অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

‘এসো শিখি’ যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএস এইডের একটি প্রকল্প। প্রকল্পটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পূর্ণ সম্ভাবনার বিকাশ এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নপূরণে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

জাকির হোসেন বলেন, মাতৃভাষার গাঁথুনি শক্ত ও দৃঢ় হলে এর ওপর ভর করে অন্য ভাষা শেখাও সহজে সম্ভব হবে। তখন যেকোনো ভাষায় রচিত ইতিহাস, ভূগোল, গণিত, বিজ্ঞানের গ্রন্থপাঠের মাধ্যমে জ্ঞানার্জনের পরিধি বিস্তৃত করা যাবে। এজন্য সরকার মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে শিশুদের মাতৃভাষায় দক্ষতা অর্জনের প্রতি গুরুত্বারোপ করেছে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, অতিরিক্ত মহাপরিচালক ড. উত্তম কুমার দাশ, পরিচালক মিজানুর রহমান, কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, ইউএস এইডের ডেপুটি মিশন ডিরেক্টর মিস সোনিয়া রেনল্ডস কুপার প্রমুখ।

জানা গেছে, সাড়ে ৩৮ মিলিয়ন মার্কিন ডলারের প্রকল্পে ‘এসো শিখি’। এ প্রকল্পের মাধ্যমে সারাদেশে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ১০ হাজর বিদ্যালয়ের ২০ হাজার শিক্ষককে মাতৃভাষার মাধ্যমে কার্যকর শিখন-শেখানো পদ্ধতির সক্ষমতা অর্জনে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। যার মাধ্যমে প্রথম-পঞ্চম শ্রেণির প্রান্তিক শিক্ষার্থীরা মাতৃভাষা বাংলার মাধ্যমে পড়া ও শেখার দক্ষতা অর্জন করবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.