নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আরও এক ছাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম মেহজাবিন সূহী। সে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দিবা (মূল) শাখার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
মঙ্গলবার (২৫ জুলাই) দিনগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ‘প্রথমে ওই শিক্ষার্থীর মা আক্রান্ত হয়েছিলেন। মায়ের অবস্থা এখন বেশ ভালো। পরে মেয়েটাও আক্রান্ত হয়। ৪-৫ দিন ধরে অসুস্থ ছিল। পরিবার তাকে হাসপাতালে ভর্তি করেছিল। সেখানে গতকাল রাতে মারা গেছে। তার মৃত্যুতে আমরা শোকাহত।’
কেকা রায় চৌধুরী বলেন, ‘আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু নিয়ন্ত্রণে সতর্ক অবস্থায় আছি। তবে বাসায় থেকে কেউ আক্রান্ত হলে আমাদের কিছুই করার থাকে না। আর এখন তো এটা ম্যাসিভ (ব্যাপক) আকার ধারণ করেছে। সবাইকে সচেতন থাকতে পরামর্শ দিচ্ছি।’
এর আগে গত ৩ জুলাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভিকারুননিসার মূল শাখার একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ইলমা জাহান মারা যায়। সে প্রায় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
এদিকে, মেহজাবিন সূহীর মৃত্যুতে শোক জানিয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। শোক বার্তায় অধ্যক্ষ বলেন, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
