কুষ্টিয়াঃ কুমারখালীতে ফুটবল খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়েছে দুই মাদরাসা ছাত্র। এ ঘটনায় বুধবার (১২ জুলাই) থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন দুই অভিভাবক।
শুক্রবার (৭ জুলাই) বিকেলে চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা দেখতে গিয়ে তারা আর ফেরেনি।
নিখোঁজ ছাত্ররা হলো- উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের ভ্যানচালক আলম শেখের ছেলে মো. সাব্বির শেখ (১৩) ও বাগুলাট ইউনিয়নের শেখপাড়া গ্রামের রাজমিস্ত্রি শিপন আলীর ছেলে মো. সামিউল ইসলাম। তারা চৌরঙ্গী নূরানী হাফেজিয়া ও ক্যাডেট স্কিম মাদরাসার হেফজ শ্রেণির ছাত্র।
জিডি ও মাদরাসা সূত্রে জানা যায়, শুক্রবার মাদরাসা থেকে প্রায় তিনশো মিটার দূরে চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে যায় মাদরাসার কিছু ছাত্র। সবাই ফিরে এলেও সাব্বির ও সামিউল নামের দুই ছাত্র আর ফেরেনি। পরে মাদরাসা কর্তৃপক্ষ নিখোঁজ ছাত্রদের পরিবারকে জানায়।
মাদরাসা কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেন। এরপরও তাদের না পেয়ে থানায় জিডি করেন।
এ বিষয়ে ছাত্রদের বাবা আলম ও শিপন বলেন, শুক্রবার সন্ধ্যায় মাদরাসার হুজুর তাদের ফোন করে জানান বাচ্চাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর তারা আত্মীয়-স্বজনদের বাড়িতে বাচ্চাদের খোঁজাখুঁজি করেন। কিন্তু পাঁচ দিনেও তাদের খোঁজ মেলেনি।
মাদরাসার শিক্ষক মাওলানা মো. শরিফুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে মাঠে খেলা দেখতে গিয়ে দুইজন আর ফিরে আসেনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, বুধবার দুপুরে নিখোঁজের ঘটনায় দুই অভিভাবক থানায় জিডি করেছেন। পুলিশ তাদের উদ্ধারে কাজ করছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
