নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চলতি অর্থবছরের বাজেটে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য বরাদ্দ এবং জাতীয়করণ ঘোষণা না আসায় আগামী ১১ জুলাই মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচীতে যাচ্ছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। দীর্ঘদিন ধরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের আন্দোলন করে আসছে সংগঠনটি।
বিষয়টি শিক্ষাবার্তা’কে নিশ্চিত করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া।
তিনি শিক্ষাবার্তা’কে বলেন, দেশের সিংহভাগ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী দ্বারা।পরিতাপের বিষয় এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ১,০০০ টাকা বাড়ি ভাড়া, ২৫% উৎসব ভাতা এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য। আর বৈষম্য রোধে একমাত্র জাতীয়করণ ছাড়া সমাধান সম্ভব নয়। আমরা আশা করেছিলাম এবারের বাজেটেই জাতীয়করণের সুনির্ষ্ট ঘোষণা আসবে।
তিনি বলেন, এর আগে এই দাবিতে আমরা ধারাবাহিক আন্দোলন করে আসছি। আমাদের পূর্বেই ঘোষণা ছিল ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট পাসের পূর্বেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের সুনির্দিষ্ট ঘোষণা না দিলে আগামী ১১ জুলাই থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির পালন করব। বাজেট পাস পর্যন্ত আমরা অপেক্ষায় ছিলাম জাতীয়করণের জন্য বরাদ্দ এবং সুনির্ষ্ট ঘোষণা আসবে। কিন্তু পরিতাপের বিষয় সেটা হয়নি। তাই আমাদের লাগাতার কর্মসূচী পালন করা ছাড়া আর কোন পথ নেই।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশ শিক্ষক সমিতি সারাদেশের মাধ্যমিক বিদ্যালয়ে টানা তিন দিন ধর্মঘট পালন করে। এরপর জেলায় জেলায় মানবন্ধন সমাবেশ করে সংবাদ সম্মেলন করে। জাতীয়করণের ঘোষণা না আসায় আগামী ১১ জুলাই জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার কর্মসূচী পালন করার প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
