বরিশালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক কারিগরি শিক্ষা অধিদপ্তরের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক পরিচালকের আয়োজনে দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। অদ্য ১ জুলাই সকাল ১০ টায় বরিশাল আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের কনফারেন্স রুমে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি  কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ট্রেড ইন্সট্রাক্টরদের অংশগ্রহণে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন  কারিগরি শিক্ষা অধিদফতরের সাবেক বরিশাল আঞ্চলিক পরিচালক ও  বরিশাল সিটি করপোরেশনের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন। তিনি তার উপস্থাপনায় কারিগরি শিক্ষার বর্তমান দুর্বলতা ও ভুল নীতি নির্ধারনীর চিত্র তুলে ধরেন।

তিনি জানান,সুনির্দিষ্ট কোনো লক্ষ্য ছাড়াই চলছে আমাদের কারিগরি শিক্ষা যেখানে গবেষণার তেমন কোনো সুযোগ নাই। এমপিওভূক্ত প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা ও ব্যবহারিক ক্লাস না হওয়া,সরকারি প্রতিষ্ঠানেও পর্যাপ্ত ব্যবহারিক ক্লাস না হওয়ায় এ শিক্ষায় এখনও আমরা পিছিয়ে আছি। বাংলাদেশের ১৪ টি গ্রামে “আমার গ্রাম,আমার শহর” প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি স্মার্ট বাংলাদেশের লক্ষ্য ও উদ্দেশ্য, সহযোগী উপাদান নিয়ে আলোচনা করেন।

মূখ্য আলোচক ও বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের সহকারী অধ্যাপক ড. মো. তারেক হোসেন ৫ম শিল্প বিপ্লবের সুবিধা ও বাংলাদেশের বর্তমান অবস্থা তুলে ধরেন। তিনি জানান,আমেরিকা সহ উন্নত দেশে বাংলাদেশের মেধাবী চিকিৎসক, প্রকৌশলী সহ নানান পেশার লোকদের পড়ালেখার সুযোগ দিয়ে তাদের প্রয়োজনে দুর্বলদের নিজ দেশে পাঠিয়ে দেন। মেধাবীদের তাদের দেশে রেখে দেন। তিনি স্মার্ট বাংলাদেশের স্মার্ট অর্থনীতির ১৭টি প্যারামিটারের ৩টির বর্ণনা দেন।

আলোচনায় কারিগরি শিক্ষায় আরো বেশি অংশগ্রহণের জন্য ও বরিশাল বিভাগে কারিগরি শিক্ষায় আরো প্রসারতার জন্য  অভিভাবকদের অনুরোধ করেন অনুষ্ঠানের আলোচক ও বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী বাবু সাহা ও বরগুনা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির মুন্সি।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক প্রকৌশলী মো. আরিফুর রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠানের পূর্বে কোরান তেলাওয়াত করেন ট্রেড ইন্সট্রাক্টর মাহবুবর রহমান’র ও গীতা পাঠ করেন বরগুনার আমতলী শেখ হাসিনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শান্তি রঞ্জন সরকার।

বিকেলের সেশনে বিভিন্ন গ্রুপের তৈরি দলীয় তথ্য উপস্থাপন করেন পটুয়াখালী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল জব্বার,ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ নীল রতন দাস,শেখ হাসিনা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শান্তি রঞ্জন সরকার।

শিক্ষাবার্তা ডটকম/জামান/০১/০৭/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.