রংপুর: আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আগামী ছয় মাসের মধ্যে রংপুরে রোবোটিক সার্জারির মাধ্যমে জটিল অস্ত্রোপচার শুরু হতে যাচ্ছে। আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্ট (এআই) ব্যবহারের মাধ্যমে রোবটিক সার্জারিতে দেহের অপ্রশস্ত ও জটিল স্থানে অস্ত্রোপচার করা সম্ভব হবে বলে জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও বর্তমান রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান দেশের প্রথম রোবোটিক সার্জন অধ্যাপক ডা. জাবেদ আখতার।
রবিবার (৩০ জুন) দুপুরে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের ‘কিডস জোনে’ সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
জানা গেছে, রোবোটিক সার্জারি শুরু হলে এতে করে ইউরোলজি, গাইনোকলজি, ক্লোলোরেকটাল সার্জারি, হেপাটোবিলিয়ারি ও অ্যাবডোমিনাল ওয়াল রিকন্সট্রাকশন সার্জারি সহজ হবে এবং সার্জনদের শতকরা ৭০ ভাগ কাজের চাপ কমে আসবে। রোবোটিক সার্জারির মাধ্যমে খরচ বেশি হলেও অস্ত্রোপচার সংক্রান্ত জটিলতা, রক্তপাত ও সংক্রমণের হার অনেকাংশে কমে আসবে। দেশের তরুণ সার্জনদের রোবোটিক সার্জারি বিষয়ে ফেলোশিপ করাসহ এতে উদ্বুদ্ধ করতে আগামী ৫ জুলাই রংপুরে একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে দেশ বিদেশের খ্যাতিমান সার্জনরা অংশগ্রহণ করবেন।
সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. জাবেদ আখতার জানান, ওপেন সার্জারির পাশাপাশি এখন ল্যাপারোস্কপি সার্জারি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু ল্যাপারোস্কপি সার্জারির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। রোবোটিক সার্জারিতে অপারেশনের স্থান ভাল ও স্পষ্ট দেখার জন্য এখানে উচ্চক্ষমতা সম্পন্ন থ্রিডি ক্যামেরা ব্যবহার করা হয়।
তিনি আরও জানান, সার্জারিতে বিশ্বের ৯৩ ভাগ রোবট ব্যবহার করা হয় আমেরিকা, ইউরোপ ও জাপানে।
তিনি জানান, পৃথিবীর বাকি দেশগুলোতে মাত্র ৭ ভাগ রোবট ব্যবহার করা হয়। এর মধ্যে ভারতে প্রায় দেড়শ রোবট রয়েছে। এমনকি সার্কভুক্ত দেশ নেপালেও রোবোটিক সার্জারির ব্যবহার রয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত রোবোটিক সার্জারির ব্যবহার শুরু হয়নি। তাই আগামী ছয় মাসের মধ্যে রংপুর থেকে দেশে প্রথম রোবোটিক সার্জারি শুরু করা হবে তিনি জানান।
এই কার্যক্রম শুরু হলে রোগীদের বিদেশে চিকিৎসার নির্ভরতা অনেকটা কমে আসবে। এর ফলে রোগীদের দেশের বাহিরে চিকিৎসা করাতে হবে না। এতে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হৃদয় রঞ্জন রায়, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আয়েশা নাসরিন সুরভী, সহকারী অধ্যাপক ডা. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক ডা. আহসানুর আপেলসহ রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
