ঢাকা, ১৫ মার্চ, ২০২৬ (বাসস): বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্স (৩৬০ ঘণ্টা) শিক্ষাক্রমের জানুয়ারি-মার্চ, ২০২৬ সেশনের চূড়ান্ত লিখিত পরীক্ষা আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে।
আজ রোববার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ এপ্রিল শুক্রবার সকাল ১০টা থেকে সারাদেশে নির্ধারিত ১৭টি কেন্দ্রে একযোগে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে এবং পরবর্তী দিন ৪ এপ্রিল সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বোর্ড কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালের নতুন প্রবিধান অনুযায়ী এই পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় মোট ৫২টি প্রশ্ন থাকবে, যার মধ্যে ইংরেজি বিষয়ের ওপর থাকবে ১০টি প্রশ্ন। পরীক্ষার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১ ঘণ্টা এবং ব্যবহারিক পরীক্ষার জন্য ৩ ঘণ্টা। সকল অংশে পাসের ন্যূনতম নম্বর ৬০ শতাংশ।
পরীক্ষার্থীদের আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না; বোর্ডের রেজিস্ট্রেশন কার্ডকেই প্রবেশপত্র হিসেবে গণ্য করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৫ থেকে ৩০ মার্চের মধ্যে শিক্ষার্থীদের তাত্ত্বিক ও ব্যবহারিক ধারাবাহিক (টিসি ও পিসি) নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরীক্ষা শেষে ওই দিনই (৩ এপ্রিল) বেলা ১১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টার মধ্যে সিলগালাকৃত উত্তরপত্র ডাকযোগে বোর্ডে পাঠাতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকার পোস্ট অফিসগুলো শুক্রবারও খোলা রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত কেন্দ্র তালিকা এবং নির্দেশনা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (িি.িনঃবন.মড়া.নফ)-এ প্রকাশ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
