এইমাত্র পাওয়া

শহীদ মিনারে বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির সেক্রেটারি আলমগীর’র শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক।।

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি। সংগঠনের সেক্রেটারি প্রকৌশলী মো: আলমগীর হোসেনের নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি পালিত হয়।

আজ সকালেই সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলার প্রতিনিধি সদস্যরা শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন। জাতীয় সংগীত পরিবেশন ও এক মিনিট নীরবতা পালন শেষে তারা ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত শিক্ষকরা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি গেয়ে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

সেক্রেটারি মো: আলমগীর হোসেন বলেন, “ভাষা আন্দোলন শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল না, এটি ছিল জাতির আত্মপরিচয় ও মর্যাদার লড়াই। ভোকেশনাল শিক্ষার সঙ্গে সম্পৃক্ত শিক্ষকরা দেশের দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করছেন। ভাষা শহীদদের আদর্শ ধারণ করে আমরা শিক্ষাক্ষেত্রে নৈতিকতা ও মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ।”

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে ভোকেশনাল শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে সংগঠন কাজ করে যাচ্ছে। একইসঙ্গে ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে সংগঠনের মোঃ হুমায়ুন আহমেদ, মোঃ আবুল হোসেন, মীর হোসেন পাটোয়ারী, কাজী সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তারা শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের আত্মত্যাগ জাতিকে চিরঋণী করে রেখেছে। সেই চেতনা ধারণ করেই ভোকেশনাল শিক্ষা খাতে গুণগত পরিবর্তন আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

কর্মসূচি শেষে শিক্ষক নেতারা দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

শিক্ষাবার্তা /এ/২১/০২/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.