এইমাত্র পাওয়া

এইচএসসির ফল নিয়ে বিরূপ মন্তব্য নয়: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক।।

করোনা মহামারীর কারণে পরীক্ষা ছাড়াই বিশেষ পদ্ধতিতে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ নিয়ে বিরূপ মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার বেলা ১১টার দিকে এইচএসসির ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।এদিন গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, অসহায় পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের জীবন থেকে যেন এক বছর সময় নষ্ট না হয়, সেজন্য বিকল্প পদ্ধতিতে ফল প্রকাশ করা হয়েছে। এ নিয়ে কেউ বিরূপ মন্তব্য করবেন না।

প্রসঙ্গত ১১ শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১ এপ্রিল থেকে।কিন্তু করোনাভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করলে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। সরকারের তরফ থেকে জানানো হয়, পঞ্চম ও অষ্টমের সমাপনীর মতো এইচএসসি পরীক্ষাও নেওয়া যাচ্ছে না।

গত ৭ অক্টোবর এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলাফলের গড় করে ২০২০ সালের এইচএসসির ফল নির্ধারণ করা হবে। জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষিত হবে।কিন্তু আইনে পরীক্ষা নিয়ে ফল প্রকাশের বিধান থাকায় তা সংশোধন করে বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই ফল প্রকাশের বিধান যুক্ত করতে হয়েছে, যা গত সপ্তাহে জাতীয় সংসদের অনুমোদন পায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.