এইমাত্র পাওয়া

আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু

নিউজ ডেস্ক।।

করোনাভাইরাস মহামারির কারণে দুই মাসের অধিক সময় বন্ধ থাকার পর সোমবার রাত থেকে সীমিত আকারে ও স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ হতে আন্তর্জাতিক রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান মঙ্গলবার বলেন, ‘আন্তর্জাতিক রুটে ফ্লাইট শুরু হয়েছে। রাত ২টার সময় কাতার এয়ারওয়েজের একটি ট্রানজিট ফ্লাইট ঢাকা ছেড়ে গেছে। আরেকটি দোহা থেকে ঢাকায় এসেছে রাত ৩টায়।’

এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট প্রতি সপ্তাহে এক দিন রোববার পরিচালনা করা হবে। সে অনুযায়ী আগামী ২১ জুন বিমানের ফ্লাইট লন্ডন যাবে।

গত ১১ জুন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেছিলেন, আগামী ১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল শুরু হতে হচ্ছে।

তিনি বলেন, ‘আপাতত সীমিত আকারে আগামী ১৬ জুন থেকে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-লন্ডন-ঢাকা ফ্লাইট চলবে। কাতার এয়ারওয়েজ ঢাকা-দোহা-ঢাকা রুটে শুধু ট্রানজিট যাত্রী পরিবহন করবে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.