ময়মনসিংহঃ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখান করে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটে এসে জড়ো হন। এসময় শিক্ষার্থীরা ‘রাজপথ ছাড়ি নাই’, ‘রাজপথ ছাড়বো না’, ‘প্রশাসনের গদিতে আগুন জ্বালো একসাথে’ সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শত শত শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে। অন্যদিকে, এরই মাঝে হল ত্যাগ করছেন বিশ্ববিদ্যালয়ের বেশকিছু নারী শিক্ষার্থী। নিরাপত্তাজনিত কারণেই তারা হলত্যাগ করেছেন বলে জানা গেছে।
এসময় বাকৃবির শিক্ষার্থী আতিক বলেন, কিছু হলেই হল ছাড়ার নির্দেশ দেয়, এই হল-বিশ্ববিদ্যালয় কি তাদের পৈতৃক সম্পত্তি। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বহিরাগতদের হামলার বিচার না করে আবার হল ছাড়ার ফন্দি করলে সেটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।ভয়-ভীতি দেখিয়ে আন্দোলন থামানো যাবে না। যতক্ষণ না দাবি মেনে নেওয়া হচ্ছে, আমাদের আন্দোলন চলবে।
বাকৃবির আরেক শিক্ষার্থী তারেক বলেন, আমরা শিক্ষার্থীরা কেনো হল ছাড়বো, আমাদের যদি হল ছাড়তে হয় তবে শিক্ষকদেরও কোয়ার্টার ছাড়তে হবে। আন্দোলন ধামা চাপা দিতে এসব ফন্দিফিকির চলবে না।
উল্লেখ্য, গত রোববার (৩১ আগস্ট) রাতে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল ৯টার মধ্যে পরীক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/০৯/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
