ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ

ফেনীঃ স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নসহ একাধিক দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ফেনী ইউনিভার্সিটি শিক্ষার্থীরা।

পুলিশের বাধা উপেক্ষা করে বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর সোয়া ১২টায় ইউনিভার্সিটি প্রাঙ্গণ থেকে পদযাত্রা করে মহাসড়কের ফেনী ফ্লাইওভার অংশে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। প্রায় ৪০ মিনিট তারা সেখানে অবস্থান করেন। এতে মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে স্মারকলিপি দেন।

শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, মুট কোর্ট রুম স্থাপন, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় জরিমানা বন্ধ এবং পর্যাপ্ত শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবি উত্থাপন করেছেন। সম্প্রতি তারা আরও দুটি নতুন দাবি যুক্ত করেছেন উপাচার্যের পদত্যাগ এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের পরিবর্তন।

এ দিকে ইতিমধ্যে বুধবার (১৯ আগস্ট) রাতে উপাচার্য প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

প্রসঙ্গত, গত বছর ১৩ আগস্ট শিক্ষার্থীরা ইউনিভার্সিটির উন্নয়নে ১৫ দফা দাবি পেশ করেন। কর্তৃপক্ষ দাবি মানার আশ্বাস দিলেও বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীরা ২১ অক্টোবর ক্লাস ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি শুরু করেন। এতে পুরো ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়।

পরবর্তীতে আবারও আশ্বাস দেয়া হলেও বাস্তবে পরিবর্তন হয়নি। সর্বশেষ ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীরা দাবি আদায়ের লক্ষ্যে পুনরায় অবস্থান কর্মসূচি পালন করেন।

ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা রয়েছে ডিসেম্বরের ভেতরে স্থায়ী ক্যাম্পাসে শিফট না হলে ওই বিশ্ববিদ্যালয়গুলোর অনুমোদন বাতিল করা হবে, তাই শিক্ষার্থীরা নিজের একাডেমিক লাইফ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন।

উল্লেখ্য, ফেনী ইউনিভার্সিটি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর আওতায় ২০১২ সালে সরকারি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন লাভ করে এবং এটির একাডেমিক কার্যক্রম মে ২০১৩ থেকে শুরু হয়। বর্তমানে ৭টি বিভাগ আছে, ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় দুই হাজার।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৮/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.