ময়মনসিংহঃ বহিষ্কৃত একজন শিক্ষকের ফেরানোর আদেশকে কেন্দ্র করে ময়মনসিংহ নগরীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মাদ্রাসার শিক্ষার্থীরা।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চার ঘণ্টা নগরীর জামিয়া ফয়জুর রহমার রহ: বড় মসজিদ মাদ্রাসার শিক্ষার্থীরা শহরের পাটগুদাম থেকে কাচারি সড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ করেন।
এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পথচারীদের ভোগান্তি ও দুর্ভোগের মধ্যে পড়তে হয়।
আন্দোলনকারী মাদ্রাসা শিক্ষার্থী তাওহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, “মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ ও আর্থিক দুর্নীতির অভিযোগে কিছুদিন আগে মাদ্রাসা থেকে বহিষ্কার হন বোররচরের হুজুর মাওলানা আজিজুল হক। কিন্তু মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. মুফিদুল আলম ঘটনাটি তদন্ত করেন এবং মাওলানা আজিজুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।
“একই সঙ্গে মুফতি মোফাজ্জল হককে শিক্ষক পদ থেকে বহিষ্কার করেন এবং মুফতি সারোয়ার হোসেনকে মাদ্রাসার উপাধ্যক্ষ পদ থেকে অপসারণ ও পরিচালনা কমিটি থেকেও সরিয়ে দেন।”
তাওহীদুল ইসলাম বলেন, এ খবরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সকাল থেকে মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ করে জেলা প্রশাসকের সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। পরে তারা সড়কে এসে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
আন্দোলনকারী শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, “একটি মহল বহিষ্কৃত শিক্ষক আজিজুল হকের পক্ষে অবস্থান নিয়ে আমাদের বড় হুজুরের (আব্দুল হক) বিপক্ষে পরিবারতন্ত্রের অভিযোগ তুলে ডিসির কাছে মূল ঘটনা পাশ কাটিয়ে যায়। এতে ডিসি প্রভাবিত হয়ে শিশু নির্যাতনকারী বহিষ্কৃত শিক্ষকের পক্ষ নিয়ে মুফতি মোফাজ্জল হককে অন্যায়ভাবে বহিষ্কার করেছেন। একই সঙ্গে আমাদের উপাধ্যক্ষ মুফতি সারোয়ার হোসেনকে মাদ্রাসার পরিচালনা কমিটি থেকেও ক্ষমতার অপব্যবহার করে অপসারণ করেছে।
“এ ছাড়া ডিসি মহোদয় আমাদের হুজুরদের শাসিয়ে অপমান-অপদস্থ করেছেন। অবিলম্বে ডিসি তার সিদ্ধান্ত থেকে সরে না আসলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”
এসব ঘটনার বিষয়ে জানতে জেলা প্রশাসক মো. মুফিদুল আলম এবং মাওলানা আব্দুল হকের মোবাইলে একাধিকবার কল করলেও তারা ধরেননি।
কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “বিষয়টি নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি, খুব দ্রুত সৃষ্ট সমস্যার সামাধান হবে।”
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
