সুনামগঞ্জঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত উল্যাহ মারুফের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে এবং পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে অংশ নেয়।
এ সময় ১০ম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, “সাখাওয়াত উল্যাহ মারুফ শিক্ষক নামের কলঙ্ক। আমরা চাই, তাকে দ্রুত অপসারণ করে শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হোক।”
মানববন্ধনে শিক্ষার্থীরা শিক্ষক মারুফের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত, কঠোর ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ীভাবে বহিষ্কারের আহ্বান জানিয়ে বলেন, “২০২৩ সালের জুন মাসে শিক্ষক সাখাওয়াত উল্যাহ মারুফের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে ছাত্রছাত্রী ও এলাকাবাসীর আন্দোলনের মুখে তিনি পালিয়ে যান। কিন্তু সম্প্রতি কিছু মানুষের সহযোগিতায় আবার বিদ্যালয়ে ফেরার অপচেষ্টা করছেন। আমরা বেঁচে থাকতে এই মারুফকে বিদ্যালয়ে আসতে দেব না।”
বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরূপ রতন সিংহ মানববন্ধনস্থলে এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, “অভিযোগটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ বিষয়ে নিশ্চিত থাকুন, উক্ত শিক্ষককে আপাতত বিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না।”
স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্তের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা দাবি করেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক, যাতে বিদ্যালয়ের পরিবেশে শিক্ষার সুষ্ঠু ধারা বজায় থাকে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিশাল রায়, সাজমিন আক্তার, অমি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দোয়ারাবাজার আহ্বায়ক এসার মিয়া, প্রথম যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ আমান, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মাসুদ, দোয়ারাবাজার সরকারি কলেজ ছাত্রনেতা রিয়াদ, ইমন, তুহিন, ফজলে রাব্বি প্রমুখ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৭/০৫/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
