এইমাত্র পাওয়া

৪৩তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়া ১৬২ জনকে গেজেটভুক্ত

ঢাকাঃ ৪৩তম বিসিএসের গেজেট থেকে বাদ পড়া ১৬২ জন প্রার্থী অবশেষে গেজেটভুক্ত হলেন। মঙ্গলবার (২০ মে) বিকেলে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে দুপুরে গেজেটের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর ফলে তারা এখন বিসিএসের বিভিন্ন ক্যাডারে যোগদানের সুযোগ পাবেন।

বাদ পড়া প্রার্থীরা গেজেটভুক্তির দাবিতে চলতি বছরের জানুয়ারি থেকে একাধিকবার সংবাদ সম্মেলন, মানববন্ধন এবং অনশন কর্মসূচি পালন করেছেন। সর্বশেষ গত ২৯ এপ্রিল থেকে কয়েকজন বাদ পড়া প্রার্থী গেজেটভুক্তির পাশাপাশি ভেরিফিকেশন নীতিমালার দাবিতে আমরণ অনশন শুরু করেন। অবশেষে তাদের দাবির পরিপ্রেক্ষিতে ১৬২ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হলো।

উল্লেখ্য, পাঁচ বছরের দীর্ঘ প্রক্রিয়া শেষে ৪৩তম বিসিএসে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে গত ১৫ জানুয়ারি প্রথম দফায় নিয়োগপ্রাপ্তরা চাকরিতে যোগ দেন। তবে গেজেটে স্থান না পাওয়ায় ২২৭ জন প্রার্থী তখন যোগদান করতে পারেননি।

২০২০ সালের ৩০ নভেম্বর প্রকাশিত ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তির পর প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর পিএসসি ২,১৬৩ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করে। পরে ভেরিফিকেশন প্রক্রিয়ায় ৯৯ জনকে বাদ দিয়ে ১৫ অক্টোবর ২,০৬৪ জনের প্রথম গেজেট প্রকাশ করা হয়। পরবর্তীতে, ৩০ ডিসেম্বরের প্রজ্ঞাপনে পূর্বের সুপারিশ থেকে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সাময়িকভাবে অনুপযুক্ত ২২৭ জনসহ মোট ২৬৭ জনকে বাদ দিয়ে ১,৮৯৬ জনকে দ্বিতীয় দফায় গেজেটভুক্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই বাদপড়া ২২৭ জনের মধ্য থেকে এবার ১৬২ জনকে নিয়োগে অন্তর্ভুক্ত করা হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/০৫/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading