চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী ছাত্রী জান্নাতুল ফেরদৌস টুম্পা (২১) ছুটিতে এসে গ্রামের বাজারে বিক্রি করছে ডিম। এরকম সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর মানবিক সাহায্যের হাত বাড়ালেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।
গতকাল বৃহস্পতিবার বিকালে তিনি টুম্পার বাবা ভ্যানচালক আব্দুর রাহিমকে ব্যাটারিচালিত একটি নতুন অটোভ্যান দেন। নাটোরের বড়াইগ্রামের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে টুম্পার বাবার হাতে তুলে দেন নতুন অটোভ্যানের চাবি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, চবি’র শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস টুম্পাসহ অন্যান্যরা।
জানা গেছে, মাত্র ১৫ দিনের ছুটিতে বাড়ি এসে পরিবারকে সহযোগিতা করতে ডিম বিক্রির সিদ্ধান্ত নেয় টুম্পা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবা পেশায় একজন ভ্যানচালক। বাবার যা আয় হয় তা দিয়ে সংসারে টানাপোড়ন চলতে থাকে।
তাই বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে বাস ভাড়া ও লেখাপড়া এবং নিজের কিছু খরচের জোগান পেতে টুম্পা স্থানীয় মেরিগাছা বাজারে খোলা আকাশের নিচে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা অবধি বিক্রি করে আসছে সেদ্ধ ডিম। এ সংবাদ ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর তা ভাইরাল হয়ে যায়।
ভ্যান পেয়ে টুম্পার বাবা জানান, আমি আগে নষ্ট ও পুরোনো একটি ভ্যান চালাতাম। যা আয় করতাম তার অর্ধেকই খরচ হতো মেরামত করতে গিয়ে।
ডিসি স্যার আমাকে নতুন ভ্যান দিয়েছেন। এতে আমি ভালো আয় করতে পারবো এবং দুই মেয়ের পড়াশোনার জন্য খরচ করতে পারবো।
টুম্পা জানান, সাংবাদিকদের মাধ্যমে আমার অসহায়ত্বের খবরটি ছড়িয়ে পড়লে অনেকেই সাহায্য করার কথা জানিয়েছেন। কিন্তু আমি সাহায্য নিতে চাইনি। আমি পরিশ্রম করে সৎপথে যতটুকু পেরেছি আয় করেছি।
অবশ্যই এটা আমার বা আমার পরিবারের জন্য যথেষ্ট নয়। আমরা গরিব মানুষ। এক্ষেত্রে সরকারি অনুদান পেলে বা প্রাতিষ্ঠানিক কোনো অনুদান পেলে একজন দরিদ্র নাগরিক হিসেবে তা গ্রহণ করবো।
উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, টুম্পা অনেক মেধাবী ছাত্রী। তার লেখাপড়া অব্যাহত রাখার জন্য উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক আসমা শাহিন বলেন, টুম্পাকে লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা দিতে জেলা প্রশাসন তার পাশে রয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/০১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
