ফেসবুকে আলেমকে নিয়ে কটূক্তির ঘটনায় সিলেটে বিক্ষোভ

সিলেটঃ সিলেটের জৈন্তাপুরের প্রখ্যাত আলেম শেখ আব্দুল্লাহ (রহঃ) ও তার ছেলে মাওলানা হিলাল আহমেদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সিলেটের বৃহত্তর হরিপুর এলাকা।

এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১১টার দিকে সিলেট-তামাবিল হাইওয়ে এলাকায় বিক্ষোভ করেন ওই এলাকার লোকজন। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। সবশেষ শুক্রবার বিকেল ৩টার মধ্যে ক্ষমা চাওয়ার সময় বেধে দিয়ে সড়ক ছাড়েন তারা।

জানা গেছে, বৃহস্পতিবার কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার বাসিন্দা জামাল আহমদ নামে এক ব্যক্তি তার ফেসবুকে জৈন্তাপুর উপজেলার হরিপুরের প্রখ্যাত আলেম মরহুম আল্লামা শেখ আব্দুল্লাহ (হরিপুরী) ও তার ছেলে মাওলানা হেলালকে নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি বলেন, ‘গতকাল ঘটে গেল কানাইঘাটের মাটিতে এক বিশাল গীবত মাহফিল। তাতে… ছেলে অসভ্য…আমার শ্বশুর আব্বাকে নিয়ে ভুল তথ্য দিয়ে কটূক্তি করে…আরেকজন শিক মৌলভির ছেলে… এমপির স্বপ্ন দেখে টালমাটাল।’

পরে স্ট্যাটাসটি ছড়িয়ে পড়লে রাত ১১টার দিকে সড়কে নেমে পড়েন অনেকেই। এসময় মাদ্রাসার শিক্ষার্থীরা বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয়।

এদিকে জামাল হোসেন নামের ওই ফেসবুক আইডির প্রোফাইলে দেখা গেছে, জামাল হোসেন কানাইঘাট উপজেলার বানীগ্রাম ইউনিয়নের বড়দেশ উত্তর গ্রামের বাসিন্দা। তবে বিক্ষোভের পর তার ফেসবুক থেকে আপত্তিকর স্ট্যাটাসটি সরিয়ে ফেলা হয়েছে। শুক্রবার সকাল ৮টায় জামাল হোসাইনের টাইমলাইনে দেখা যায় সিলেটের আলেম উলামাদের কাছে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন তিনি।

জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাশার মো. বদরুজ্জামান বলেন, এ বিষয়ে থানায় এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/০১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.