এইমাত্র পাওয়া

ঢাবির এফ রহমান হলের ক্যান্টিনে ছাত্রলীগের বাকি ১৮ লাখ টাকা

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের ক্যান্টিনে ছাত্রলীগ নেতাদের বাকির পরিমাণ ১৭ লাখ ৯৩ হাজার টাকা বলে দাবি করেছেন হলের ক্যান্টিন মালিক। এর মধ্যে হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ ও সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুন দুজনে মিলেই পৌনে ছয় লাখ টাকার মতো বাকি খেয়েছেন।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে এই দাবি করেন তিনি। এ সময় তিনি বাকির একটি লিস্ট প্রভোস্ট অফিসে জমা দেন।

বাকির হিসাবে দেখা যায়, এফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ বাকি খেয়েছেন তিন লাখ ৬০ হাজার টাকা, সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুন খেয়েছেন দুই লাখ ১৬ হাজার টাকা।

এ ছাড়া ছাত্রলীগের পদপ্রত্যাশী আলী আহসান রিফাত এক লাখ ১৮ হাজার টাকা, ছাত্রলীগ নেতা রবি এক লাখ ১৮ হাজার, নাহিদ ও জুয়েল এক লাখ ১৫ হাজার করে, উচ্ছল ৮৫ হাজার, হারুন ৭০ হাজার টাকা বাকি খেয়েছেন। লিস্টে মোট ৪৮ জন ছাত্রলীগ নেতা মোট ১৭ লাখ ৯৩ হাজার টাকার বাকি খেয়েছেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.