নিজস্ব প্রতিবেদক।।
নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষাণ্মাসিক পরীক্ষার মূল্যায়ন শুরু হচ্ছে ৩ জুলাই। অথচ এখনো শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করতে পারেনি সরকার। কয়েক দফায় পরীক্ষা-নিরীক্ষা করে কাঠামো চূড়ান্ত করলেও এখনো তা ঝুলে আছে। ফলে শুরু হতে যাওয়া ষাণ্মাসিক মূল্যায়ন পদ্ধতি নিয়ে ধোঁয়াশায় খোদ শিক্ষকরা। আর কীভাবে মূল্যায়ন করা হবে, তার কিছুই জানেন না শিক্ষার্থী ও অভিভাবকরা।
আগের দিন নির্দেশনা পাবেন শিক্ষকরা:
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বলছে, ষাণ্মাসিক মূল্যায়ন প্রতিষ্ঠানভিত্তিক। এখানে চূড়ান্ত মূল্যায়ন পদ্ধতির খুব একটা প্রয়োজন নেই। প্রতিটি বিষয়ে মূল্যায়নের আগের দিন রাতে সেই বিষয় নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা পাবেন শিক্ষকরা। বাৎসরিক সামষ্টিক মূল্যায়নে চূড়ান্ত পদ্ধতি শিগগির জানিয়ে দেওয়া হবে।
২০২২ সাল থেকে নতুন এ শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে এনসিটিবি। প্রচলিত নম্বর ও গ্রেডিং পদ্ধতি বাতিল করে প্রথমে ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ দিয়ে শিক্ষার্থীর দক্ষতা মূল্যায়ন শুরু হয়। তীব্র সমালোচনার মুখে তা থেকে পিছু হটে সরকার। শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনার ঘোষণা দেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। গঠন করেন উচ্চপর্যায়ের কমিটিও।
ষষ্ঠ থেকে নবমের ষাণ্মাসিক মূল্যায়নে কোন পদ্ধতি ব্যবহার হবে—এমন প্রশ্নে তিনি বলেন, ‘যেহেতু মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো সম্ভব হয়নি, সেক্ষেত্রে আমরা খসড়ায় যে পদ্ধতি রয়েছে, তা থেকে নির্দেশনা দেবো। প্রতিটি বিষয়ে পরীক্ষার আগে এ নিয়ে নির্দেশনা পাবেন শিক্ষকরা। এটা যেহেতু প্রতিষ্ঠানভিত্তিক এবং অর্ধবার্ষিক মূল্যায়ন, তাই সমস্যা হবে না।’
শিক্ষাবার্তা ডটকম/জামান/০১/০৭/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
