নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ছাত্রী হোস্টেল ও অডিটোরিয়ামসহ বিভিন্ন অবকাঠামো সাত মাসের মধ্যে ঠিক করতে রাজধানীর রায়েরবাজারে শিকদার উইমেন্স মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। এ ছাড়া কলেজ হাসপাতালে রোগের পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে যথাযথ নিয়মকানুন মেনে চলারও নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
বুধবার দুপুরে কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী এই নির্দেশ দেন।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমি মেডিকেল কলেজ বাড়ানোর পক্ষে না। যে মেডিকেল কলেজগুলো আছে সেগুলোর মান বৃদ্ধি করতে হবে, যাতে আমরা মানসম্মত চিকিৎসক তৈরি করতে পারি, মেডিকেল কলেজগুলোতে প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত শিক্ষাজীবনে সবকিছু যাতে সুন্দর থাকে ও শিক্ষার্থীরা যাতে মানসম্মত শিক্ষাটা পায়।
এ সময় শিকদার উইমেন্স মেডিকেল কলেজে প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিছু কিছু ব্যাপারে কর্তৃপক্ষকে আরো সতর্কতা মেনে চলতে হবে। মেডিকেল কলেজের ছাত্রীদের বাসস্থান, অডিটোরিয়াম সহ সবকিছু ঠিক করতে বলেছি। ওনারা সব কিছু ঠিক করার জন্য কিছু সময় নিয়েছেন। আশা করি নির্দিষ্ট সময়ের ভেতর তা বাস্তবায়ন করবে।
স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনে কলেজ হাসপাতালের সার্জারি বিভাগসহ কয়েকটি ইউনিট ঘুরে দেখেন। এ ছাড়া শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ ও স্বাস্থ্য শিক্ষা সচিব মো. আজিজুর রহমান উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
