এইমাত্র পাওয়া

পিএইচডি গবেষকদের ফেলোশিপ ও বৃত্তি দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক।।

দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পিএইচডি গবেষকদের জন্য ফেলোশিপ ও বৃত্তি দেবে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য এ ফেলোশিপ ও বৃত্তির আবেদন আহ্বান করা হয়েছে।

ট্রাস্টের উপবৃত্তি শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট পিএইচডি ফেলোশিপ ও বৃত্তি প্রদান নির্দেশিকা, ২০২২’ অনুযায়ী অনলাইনে আবেদন নেওয়া হবে। ১০ মে থেকে ১১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করতে হবে ট্রাস্টের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীর সারা শিক্ষাজীবনে অন্তত দুটি প্রথম বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। সিজিপিএ পদ্ধতিতে ৫ স্কেলে ন্যূনতম ৩ দশমিক ৫০ এবং ৪ স্কেলে ৩ দশমিক ০০ থাকতে হবে। ফেলোশিপের জন্য আবেদন জমাদানের তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে।

আবেদনের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট, পিএইচডি কোর্সে ভর্তি বা রেজিস্ট্রেশনের কপি, বাংলা বা ইংরেজিতে গবেষণা প্রস্তাবনা (সিনোপসিস), বিভাগীয় প্রধান ও তত্ত্বাবধায়কের প্রত্যয়নপত্র অনলাইনে আপলোড করতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের কপিও সংযুক্ত করতে হবে।

এ ছাড়া অনলাইনে পূরণ করা আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ দুই সেট আবেদন আবেদনের শেষ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি বা ডাকযোগে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাড়ি নম্বর-৪৪, সড়ক নম্বর-১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯ ঠিকানায় পাঠাতে হবে।

শিক্ষাবার্তা /এ/১১ /০৫/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.