‘দুর্নীতিবাজ’ প্রধান শিক্ষক পাশার বিরুদ্ধে তদন্ত চান এলাকাবাসী

নেত্রকোনাঃ জেলার মোহনগঞ্জে খুরশিমূল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল পাশা তালুকদারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের সামনের সড়কে শিক্ষার্থীর অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- মাঘান-সিয়াধার ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, ইউপি সদস্য আলয় চন্দ্র দে, সাবেক ইউপি সদস্য আজিজুর রহমান লিটন, সাবেক ইউপি সদস্য বাহাউদ্দিন চাঁন মিয়া, বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ কুমার চক্রবর্তী, অফিস সহায়ক কৌশিক চন্দ্র দে প্রমুখ।

এ সময় প্রধান শিক্ষক মো. কামাল পাশা তালুকদারের বিরুদ্ধে অভিযোগ এনে বক্তারা বলেন, কামাল পাশা এই বিদ্যালয়ে যোগদান করার পর থেকেই তিনি যেকোনো সাধারণ বিষয় নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অসদাচরণ করে আসার পাশাপাশি তিনি শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত সেশন ফি, মাসিক বেতন আদায়সহ কারণে-অকারণে শিক্ষার্থীদের কাছ থেকে জরিমানা আদায় করে থাকেন। শুধু তাই নয়, এসএসসি প্রস্তুতি পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদেরকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে উত্তীর্ণ করে দেন। এতে করে এসএসসি’র ফলাফলের দিক থেকেও বিদ্যালয়টি অনেক পিছিয়ে রয়েছে।

বক্তারা আরও বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির নামে আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে তিনি ওই কমিটিকে অনুমোদন করিয়ে তড়িঘড়ি করে বিদ্যালয়ের ৫টি শূন্যপদে নিয়োগ দিয়ে তিনি মোটা অঙ্কের নিয়োগ বাণিজ্য করেছেন। তাই এসব পদে দেয়া অবৈধ নিয়োগ স্থগিত করাসহ দুর্নীতিবাজ ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান বক্তরা।

এ বিষয়ে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষক কামাল পাশার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি কলটি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন বলেন, এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০১/২০২৪

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.