এইমাত্র পাওয়া

মাদ্রাসায় কর্মচারী নিয়োগ: ক্ষমা চেয়ে রক্ষা পেলেন স্বতন্ত্র প্রার্থী মাদ্রাসা সভাপতি

চাঁপাইনবাবগঞ্জঃ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনী অনুসন্ধান কমিটির ব্যাখ্যা চেয়ে নোটিশের জবাব দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ—২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি মো. গোলাম মোস্তফা বিশ্বাস।

সোমবার (২৫ ডিসেম্বর) মো. গোলাম মোস্তফা বিশ্বাস তার মনোনীত প্রতিনিধির মাধ্যমে অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যুগ্ম জেলা ও দায়রা জজ এবং চাঁপাইনবাবগঞ্জ—২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বরাবর লিখিত ব্যাখ্যা দেন। এর আগে রোববার (২৪ ডিসেম্বর) এক চিঠিতে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়।

নির্বাচনী অনুসন্ধান কমিটির সাচিবিক সহায়তাকারী মো. সিরাজুল ইসলাম বলেন, গোলাম মোস্তফা বিশ্বাসের বিরুদ্ধে গোমস্তাপুর উপজেলার ইসলামনগর গ্রামের মৃত মাহির আলীর ছেলে মো. আতাউর রহমান অভিযোগ দিয়েছেন। তার অভিযোগ, গোলাম মোস্তফা ৮ ডিসেম্বর প্রসাদপুর কামিল মাদ্রাসার সভাপতি হিসেবে পদাধিকারবলে চার কর্মচারীকে উৎকোচের বিনিময়ে নিয়োগ দেন।

তিনি আরো বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভা বা যে কোনো কাজে অংশ নিতে পারবেন না। কর্মচারী নিয়োগে অংশ নেয়ায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে শোকজ করা হয়।

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত চাঁপাইনবাবগঞ্জে তার মনোনীত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করেন।

প্রতিনিধির মাধ্যমে নোটিশের জবাব দেওয়া হয়েছে জানিয়ে গোলাম মোস্তফা তার লিখিত ব্যাখ্যায় উল্লেখ করেন, ‘আমি প্রসাদপুর কামিল মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালনরত অবস্থায় গত ৮ ডিসেম্বর ৪ জন কর্মচারী নিয়োগে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধির সহকারী পরিচালক, প্রসাদপুর কামিল মাদ্রাসা ৫ সদস্য নিয়োগ বোর্ডেও মাধ্যমে আইন মোতাবেক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমি নিয়োগ বোর্ডে সভাপতির দায়িত্ব পালন করতে পারবো না সংসদ নির্বাচনে রাজনৈতিক দল কিংবা প্রার্থী হয়ে আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ১৮(৪) আইনটি আমার জানা ছিলো না। আমার না জানার কারণে এমনটি হয়েছে। আমার জানা থাকলে কোন মতেই আমি নিয়োগ কার্যক্রমে সম্পৃক্ত হতাম না। আমার এ অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি এবং ভবিষ্যতে আমি এধরনের কার্যকলাপের বিষয়ে সতর্ক থাকার অঙ্গিকার করছি। দরখাস্তকারী মো. আতাউর রহমান যেহেতু চাঁপাইনবাবগঞ্জের একজন পদ প্রার্থীর ঘনিষ্ঠজন; সেহেতু আমার সম্মানহানি করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে উৎকোচ গ্রহণের অভিযোগ করেছে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১২/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.