নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ যশোর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে এ ফল প্রকাশ করা হয়।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, যশোর বোর্ডে ২৬৪ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৩৬ জন। আর নতুন করে ৪২ জন জিপিএ-৫ পেয়েছেন। তাদের মধ্যে দুজন ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন।
পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে যেভাবে
আন্তঃ শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, দুই পদ্ধতিতে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে। একটি হলো এসএমএসের মাধ্যমে। এছাড়া নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরীক্ষার্থীরা ফল দেখতে পারবেন।
প্রথম ফল প্রকাশের সময় যেভাবে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যায়, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে তা নয়। এক্ষেত্রে প্রার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন, সেই নম্বরে বোর্ড থেকে এসএমএস পাঠিয়ে ফল জানিয়ে দেবে। তাই ফলাফলের জন্য এসএমএস পাঠানোর প্রয়োজন নেই।
অন্যদিকে শিক্ষার্থীরা অনলাইনে নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে ফল জানতে পারবেন। বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফলের পিডিএফ কপি আপলোড করে ফল প্রকাশ করা হয়েছে। সেখানে শুধুমাত্র যেসব শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে, তাদের রোল নম্বর আছে। যাদের ফলাফলে কোনো পরিবর্তন আসেনি, তাদের রোল নম্বর তালিকায় নেই। অর্থাৎ, তাদের ক্ষেত্রে প্রথমবার প্রকাশিত ফল বহাল থাকবে।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার দেশের ১১ শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৫৯৫ জন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
