মঞ্জুরে খোদা টরিক: নতুন শিক্ষানীতি দেশে তুমুল বিতর্ক হচ্ছে। কিছু মানুষ বুঝে এই শিক্ষার ভয়ঙ্কর বিপদজনক বিষয়গুলা তুলে ধরতে চেষ্টা করছে। আর কিছু মানুষ বিষয়টা বুঝতে না পেরে বিতর্ক করছেন। আর শিক্ষার্থী ও অবিভাবকদের একটি বড় অংশ এ নিয়ে ধোয়াশার মধ্যে পড়ে আছেন। এটা নিয়ে একটি কার্যকর, গঠনমূলক নির্মোহ বিতর্ক হওয়া দরকার কিন্তু সেখানেও সরকারের বাধা দেখছি। নতুন এই শিক্ষাপদ্ধতির যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে প্রচলিত পরীক্ষার ধারা তুলে দেয়া হয়েছে। অনেক আগে পরীক্ষাপদ্ধতি নিয়ে একটা ছোট রচনা লিখেছিলাম তার আংশিক আবার এখানে তুলে ধরছি। প্রচলিত পরীাক্ষা পদ্ধতি রাখতে হবে এমন কোনো কথা নেই। সেটারও সৃজনশীল দিকের সন্ধান করতে হবে। প্রতিদিনের লেখাপড়ার সঙ্গে মূল্যায়নের বিষয়টিও উন্নত বিশ্বের একটি জনপ্রিয় ধারা। সেখানে মার্কস ভাগ করা থাকে। তবে শিক্ষার্থীদের স্তর-মান নির্ণয়ের আরো অনেক পদ্ধতির পরীক্ষা আছে সেগুলোর এক্সপেরিমেন্ট গুরুত্বপূর্ণ।
বাংলাদেশে বিভিন্ন সময় সরকারি চাকরি, মেডিকেল ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় তার পরিপ্রেক্ষিতে বলেছিলাম বাংলাদেশে ওপেন বুক এক্সাম চাল করা হোক। সবাই বস্তা বেধে বই-পুস্তক, নোট-গাইড-খাতা নিয়ে যাবে সেগুলো দেখে দেখে প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে লিখবে। কেউ কেউ অবশ্য সন্দেহ করেছিল এখানেও ঝামেলা হবে। যাইহোক। আমার এই লেখাটার উদ্দেশ্য ছিল কানাডার বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন ধরণের পরীক্ষার বিষয়টি তুলে ধরা। তার একটি হচ্ছে ‘ওপেন বুক এক্সাম’। ওপেন বুক এক্সামে ছাত্রছাত্রীরা বই-খাতা-নোট সাধারণ ক্যালকুলেটর নিয়ে পরীক্ষা দিতে পারে। প্রশ্নপত্র ফাঁস ও নকল বন্ধে ওপেন বুক এক্সাম এর একটি ধারা চালু করা যেতে পারে। উন্নত-উন্নয়নশীল অনেক দেশে পরীক্ষার যে পদ্ধতিগুলো চালু আছে, তার কয়েকটি নমুনা..
মুখস্তবিদ্যার পরীক্ষা : মুখস্তবিদ্যার পরীক্ষা সম্পন্ন স্মরণশক্তি, মুখস্ত বিদ্যা ও সৃজনশীলতার উপর নির্ভর করে পরীক্ষা দিতে হয়।
বই খুলে পরীক্ষা দেয়া : এই পরীক্ষা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ের বই-পুস্তক-নোট পরীক্ষার হলে নিয়ে এসে বই দেখে-বুঝে উত্তর লিখতে হয়। সবাই যে যার মতো করে লিখবে কিন্তু কাউকে সাহায্য করতে পারবে না!
ক্লাস নোট দেখে পরীক্ষা : এই পরীক্ষা হচ্ছে শিক্ষক বিভিন্ন ক্লাসে যে লেকচার, নোট, প্রেজেনটেশন দেয়, এবং শিক্ষার্থীরা সে সব নোট করে রাখে, সেগুলোর উপর ভিত্তি করে পরীক্ষা দিতে হয়। ছাত্রছাত্রীরা সেই সব নোট-খাতা পরীক্ষার হলে নিয়ে এসে, পরীক্ষার হলে বন্টন করা প্রশ্ন দেখে উত্তর লেখে। তাতে বোঝা যায় কে ক্লাসে কতোটা মনোযোগ দিয়ে লেকচার শুনেছে ও নোট সংগ্রহ করেছে। সেটা ছাত্রদের মেধা-মনোযোগ ও আগ্রহ যাচাইয়ের একটা উপায়।
উন্মুক্ত পরীক্ষা : এই পরীক্ষার অর্থ বেশ ব্যাপক। পরীক্ষার হলে ছাত্রছাত্রীরা বই-পুস্তক-নোট-ইন্টারনেটসহ জ্ঞানের সব উৎসই ব্যবহার করতে পারবে। পরীক্ষার হলে বিলি করা প্রশ্নপত্রের ভিত্তিতে সেগুলো ব্যবহার করে উত্তর লিখতে হবে।
নিরাপদ পরীক্ষা: সিকিউর এক্সাম হচ্ছে কমিউটার ভিত্তিক পরীক্ষা। এখানে শিক্ষক বা প্রক্টর পরীক্ষা শুরুর আগে একটি পাসওয়ার্ড ঘোষণা করবে। সেই পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষার্থীরা কম্পিউটারে পরীক্ষা খাতা ওপেন করে লেখা শুরু করবে। নির্ধারিত সময়ে আরেকটি পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষা শেষ করবে। এই পরীক্ষা ব্যক্তিগত ও ল্যাবের কম্পিউটারে দুইভাবেই হতে পারে।
ব্যক্তিগত ও দলগত পরীক্ষা: এই পদ্ধতিতে ছেলেমেয়েদের ছোট ছোট গ্রুপে ভাগ করে দেয়া হয় এবং তাদেরকে নির্ধারিত এসাইন্টমেন্ট বা প্রজেক্টও দেয়া হয়ে থাকে। নির্ধারিত সময়ের মধ্যেই তাদের সেই এসাইন্টমেন্ট ও প্রজেক্ট জমা দিতে হয়।
হাতেকলমে শেখা ও অভিঙ্গতা : শিক্ষার সঙ্গে যেহেতু কর্মক্ষমতা ও দক্ষতার সম্পর্ক সেহেতু ছাত্রছাত্রীদের এই শিক্ষা নিতেই হয়। এবং তার জন্য তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে ও ল্যাবে চূড়ান্ত পর্বে নির্দিষ্ট সময় অবধি এই শিক্ষা নিতে হয়।
আমাদের দেশে পরীক্ষা মানেই মুখস্ত বিদ্যা, আর পরীক্ষা হলে প্রশ্নপত্র দেখে ঘন্টার পর ঘন্টা বসে প্রশ্লোত্তর লেখা। পরীক্ষার এই সেকেলে ও গতানুগতিক ধারার সঙ্গে যুক্ত করা দরকার নিত্যনতুন পদ্ধতিও। তথ্যপ্রযুক্তির এই সময়ে চালু করতে হবে নতুন নতুন পদ্ধতি ও ধারা। উন্নত দেশগুলোতে যে পদ্ধতি ও ধারা অনেক আগে থেকেই প্রচলিত। আমাদের নীতি নির্ধারকরা দেশ-বিদেশ বিভিন্ন প্রশিক্ষন-কর্মশালা-কর্মসূচীতে যান কিন্তু তাদের সেই অভিঙ্গতার তেমন কোনো প্রভাব আমাদের দেশে লক্ষ্য করি না। তারা কেবল আনন্দ-বিনোদন-শপিং-ফূর্তি করে রাষ্ট্রীয় সম্পদের অপচয় করে দেশে ফেরেন। তাদের অধিক আগ্রহ অর্থনৈতিক প্রকল্প ভিত্তিক বিভিন্ন বিভিন্ন প্রজেক্টে, কারণ সেখানে কমিশন ও লুটপাটের সুযোগ থাকে। তাই বলি, জোড়াতলি নয়, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও টিকে থাকার বাজিতে, ভাবতে হবে নতুন কিছু…।
লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
“মুক্তমত ও সাক্ষাৎকার কলামে প্রকাশিত নিবন্ধ লেখকের নিজস্ব। শিক্ষাবার্তা’র সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, শিক্ষাবার্তা কর্তৃপক্ষের নয়।”
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
