নান্দাইল: পরীক্ষার্থী ৪৬, পাস ২

ময়মনসিংহঃ ছয় বছর আগে বিদ্যালয়টি কলেজ পর্যায়ে স্বীকৃতি পায়। স্থায়ী কোনো শিক্ষক না থাকায় অতিথি শিক্ষক দিয়ে চলে পাঠদান। এ বছরের এইচএসসি পরীক্ষায় ৪৬ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ২ জন। এমন ঘটনা ঘটেছে জেলার নান্দাইল উপজেলার বরিল্লা কেরামত আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে।

রবিবার এইচএসসি পরীক্ষার ফলাফলে এমন তথ্য পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কলেজটির অবস্থান নান্দাইল সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে জাহাঙ্গীরপুর ইউনিয়নের বরিল্লা এলাকায়। ১৯৫৭ সালে বরিল্লা কে এ উচ্চ বিদ্যালয় নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে চলছিল।

২০১৭ সালে কলেজ পর্যায়ের আবেদন করলে সে বছরই প্রতিষ্ঠানটি কলেজের স্বীকৃতি পায়। একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির পর সর্বপ্রথম ২০২০ সালে পরীক্ষা দেওয়ার সুযোগ পায় ৬ জন শিক্ষার্থী। সেবার সবাই অটোপাস করে। এর পরের বছর ১০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে ৯ জন।

২০২২ সালে কোনো শিক্ষার্থীই ছিল না। চলতি বছর ৪৬ পরীক্ষার্থীর মধ্যে ২ জন পাস করে। অকৃতকার্য হয় ৪৪ জন। এ ঘটনার পর এলাকবাসী ও অভিভাবকদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা।

কলেজের অধ্যক্ষ রোসমত আরা বেগম জানান, কলেজটিকে কোনো স্থায়ী শিক্ষক নেই। অতিথি শিক্ষক দিয়ে পড়াশোনা চলছে। তবে এ রকম ফলাফল হওয়ার কথা না। ফাইনাল পরীক্ষার আগে সব পরীক্ষাতেই সবাই ভালো করেছিল।

এ বিষয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আলী আফজল খান বলেন, প্রতিষ্ঠান বাড়ছে কিন্তু শিক্ষার মান বাড়েনি। নামকাওয়াস্থে পড়ানোর খাতিরে শুধু পড়িয়ে যাচ্ছেন শিক্ষকরা। গুণগত মান নেই। এই জন্যই এই কলেজের এই অবস্থা।

জানতে চাইলে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল জানান, এমন ফলাফল কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১১/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.