নিউজ ডেস্ক।।
জাতীয় বিশ্ববিদ্যালয় আবারও কলেজ র্যাঙ্কিং প্রকাশের উদ্যোগ নিয়েছে। নির্ধারিত প্রধান কর্মদক্ষতা সূচকের (কেপিআই) ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ও বেসরকারি অনার্স কলেজগুলোর পারফরম্যান্স মূল্যায়নের মাধ্যমে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে সেরা কলেজ নির্বাচন করা হবে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন) মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এই তথ্য জানা গেছে।
অফিস আদেশে বলা হয়েছে, জাতীয় পর্যায়ে ৮টি সেরা কলেজ এবং বিভাগীয় পর্যায়ে প্রতিটি বিভাগ থেকে ১০টি করে মোট ৮৮টি সেরা কলেজ নির্বাচন করা হবে। এ জন্য ‘বিশ্ববিদ্যালয় কলেজ র্যাঙ্কিং ২০২৫’ কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এই আদেশে নির্দেশনায় বলা হয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালের কেপিআই-সংক্রান্ত তথ্য আগামী ১৮ জুনের মধ্যে নির্ধারিত ওয়েবসাইটে কলেজ কোড ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে ‘কলেজ র্যাঙ্কিং তথ্য ছক’ পূরণ করে জমা করতে হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশক্রমে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষদের অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।
এ ছাড়া নির্বাচিত র্যাঙ্কিংপ্রাপ্ত কলেজগুলোর তালিকা গণমাধ্যমে প্রকাশের পাশাপাশি জাতীয় পর্যায়ে অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদান করা হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
এর আগে সর্বশেষ ২০১৮ সালের কলেজ র্যাঙ্কিং প্রকাশ করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। সে বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সিনেট হলে ওই ফলাফল ঘোষণা করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

